ফলাফল ছাড়াই শেষ হল ইরানি পরমাণু বৈঠক
কোনো সিদ্ধান্ত ছাড়াই ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু আলোচনা শনিবার শেষ হয়েছে । এতে ইরানের বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট অচলাবস্থা আরো দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যে নতুন আর একটি যুদ্ধ শুরুর সম্ভবনা জিইয়ে থাকল।
কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতিতে শুক্র ও শনিবার দুদিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে একপক্ষে ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি এবং অপর পক্ষে ইরান অংশগ্রহণ করে।
দুদিনের এ বৈঠক শেষ হলেও পরবর্তী সময়ের জন্য নতুন কোনো বৈঠকের সিদ্ধান্ত হয়নি। তবে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পশ্চিমা কূটনীতিকরা।
আলমাতির বৈঠকে সবচেয়ে স্পর্শকারতর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার বদলে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিছুটা শিথীল করার প্রস্তাব দিয়েছে পশ্চিমা শক্তিগুলো। তবে এই প্রস্তাব ইরান পুরোপুরি গ্রহণ করেনি।
গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে বলে ইরানকে অভিযুক্ত করে আসছে দেশটির পশ্চিমা সমালোচনাকারীরা। মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র বলে বিবেচিত ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচীকে নিজের অস্তিত্বের পক্ষে হুমকী হিসেবে বিবেচনা করছে।
এদিকে জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন থাকায় তার আগে পরমাণু কর্মসূচীর আলোচনা কোনো নতুন মোড় নিবে না বলেই বৈঠকের আগে থেকে ধারণা করা হচ্ছিল।
কয়েকজন কূটনীতিক ও বিশেষজ্ঞ জানিয়েছিলেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ইরানের পরমাণু কূটনীতি নিয়ে পশ্চিমে অনিশ্চয়তা তৈরিতে ইন্ধন যুগিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, “যদিও কোনো নতুন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তার মানে এই নয় যে আলোচনা ব্যর্থ হয়েছে। আমাদের লক্ষ্য আলোচনা এগিয়ে নেওয়া। ”
ছয় জাতির প্রস্তাব নিয়ে ইরান বিস্তারিত আলোচনায় আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক বছরের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। বিশ্বশক্তিগুলো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে প্রতিশ্রুতি বদ্ধ বলে তিনি জানান।
ছয় জাতির পক্ষের প্রধান আলোচনাকারী ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি প্রধান ক্যাথেরিন অ্যাস্টনের কন্ঠে অবশ্য কিছুটা হতাশা প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন,“দুপক্ষের মধ্যে বিদ্যমান পার্থক্য দীর্ঘ আলোচনার মাধ্যমে দূর হবে না।”
“আমাদের মধ্যে অনেক দূরত্ব বিরাজ করছে এটি পরিষ্কার হয়ে গেছে,” এক সংবাদ সম্মেলনে বলেন অ্যাস্টন।
পশ্চিমা এক কূটনীতিক বলেছেন, “কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে ইরান, কিন্তু সেগুলো খুব ছোট পদক্ষেপ।”
ইরানি পক্ষের প্রধান আলোচক সায়েদ জলিল বলেছেন, “আমাদের দিক থেকে যা করা যাবে তার পরিকল্পনা আমরা জানিয়েছি কিন্তু অপর পক্ষ এই প্রস্তাবগুলো বিবেচনা করে দেখার জন্য সময় চেয়েছে, তারা প্রস্তুত নয়।”
ইরান দাবী করে আসছে, তারা বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, অস্ত্র নির্মাণের কোনো পরিকল্পনা তাদের নেই। তাদের পরমাণু কর্মসূচী সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত।
পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার ইসরায়েলি অভিযোগকে শান্তি বানচালের প্রচেষ্টা বলে অভিহিত করেছে দেশটি।
