ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ২২
ইরাকের দিয়ালা প্রদেশে একটি নির্বাচনী প্রচারণা কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৬০ জন।
শনিবার ইরাকের রাজধানী বাগদাদের ৬৫ কিলোমিটার উত্তরপূর্বের বাকুবা শহরে এ হামলা হয়।
চলতি মাসের শেষদিকে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনে একজন প্রার্থীর প্রচারণা কেন্দ্রে সমবেতদের লক্ষ করে প্রথমে একটি গ্রেনেড ছুড়ে মারা হয়। এরপর একজন আত্মঘাতী সেখানে বোমার বিস্ফোরণ ঘটান।
ইরাকে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য প্রার্থীরা বিভিন্ন স্থানে কেন্দ্র গড়ে তোলেন।
সুন্নি প্রার্থী মুথানা আল-জোরানির নির্বাচনী প্রচার কেন্দ্রে শনিবারের এ হামলা হয়। হামলায় তার বেশ কয়েকজন সমর্থক হতাহত হলেও তিনি অক্ষত আছেন।
সম্প্রতি নির্বাচনী সহিংসতায় অন্তত ১০ জন প্রার্থী নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই সুন্নি সমর্থিত ইরাকিয়া জোট সমর্থিত।
নিরাপত্তার আশঙ্কায় ইতোমধ্যে সুন্নি মুসলিম অধ্যুষিত দুটি প্রদেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।
