২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৭২

থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের লাইসেন্স কর্তৃপক্ষের মুখপাত্র সন্দীপ মালভি জানান, দুর্ঘটনায় ৭২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Apr 2013, 09:32 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

ভারতের মুম্বাইয়ের থানে এলাকায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে।

এরআগে এই দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাত তলা ভবনের কাঠামোটি ভেঙে পড়ে।


ওই ভবন ধসে পড়ার ৩৬ ঘণ্টা পর ধসে পড়া ভবনে আটকে পড়া এক মহিলাকে উদ্ধার করা হয়েছে।


উদ্ধারকর্মীরা বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তুপের ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা তার সন্ধানে চেষ্টা চালাচ্ছেন।


থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের লাইসেন্স কর্তৃপক্ষের মুখপাত্র সন্দীপ মালভি জানান, দুর্ঘটনায় ৭২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তিনি বলেন, আরো অনেক দেহ ভেতরে আটকা পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা এখনো তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।


নিহতদের মধ্যে অন্তত নয় শিশু ও পাঁচ নারী রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন মুম্বাইয়ের ডেপুটি কালেক্টর মনোজ গোহাড়।


ডেপুটি ফায়ার অফিসার রাহাঙ্গালেকে উদ্ধৃত করে এনডিটিভি বলেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে যখন উদ্ধার অভিযান শুরু হয়, তখনো ৩০-৪০ জন ভেতরে আটকা পড়ে ছিলেন।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মমাফিক অনুমতি না নিয়ে বন বিভাগের জমির ওপর দুই মাসেরও কম সময়ে মধ্যে সাত তলা ওই ভবনের কাঠামোটি গড়ে তোলা হয়।


এরইমধ্যে কিছু লোক নির্মাণাধীন ভবনেই বসবাস শুরু করে দিয়েছিলেন।


থানে মিউনিসিপাল কর্পোরেশনের কর্মকর্তা সন্তোষ কাদামকে উদ্ধৃত করে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে যথাযথ নকশা ছাড়াই ভবন নির্মাণ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

পুরনো খবর:

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৪৫