সাইপ্রাসের অর্থমন্ত্রীর পদত্যাগ
বিতর্কিত বেইলআউট চুক্তি নিয়ে আলোচনার পর পদত্যাগ করেছেন সাইপ্রাসের অর্থমন্ত্রী মাইকেল সারিস।প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
সারিসের স্থলাভিষিক্ত করা হচ্ছে লেবার মন্ত্রী হ্যারিস জর্জিয়াদেসকে।
দেশের সব ব্যাংক ডিপোজিটের ওপর কর আরোপের শর্তে ইইউ-আইএমএফ এর সঙ্গে ১ হাজার কোটি ইউরোর বেইলআউট চুক্তি করে সাইপ্রাস।
এ চুক্তির আওতায় বেইলআউট তহবিলের বিনিময়ে নজিরবিহীন লোকসানের মুখে পড়ে ব্যাংকের আমানতকারীরা।ফলে লোকজন এ চুক্তিতে ক্ষোভ প্রকাশ করলে চুক্তিটি সংশোধন করা হয়।
কিন্তু সংশোধিত চুক্তির আওতায়ও সাইপ্রাসের ব্যাংকে ১ লাখের বেশি ইউরোর আমানতকারীদের ৬০ শতাংশ সঞ্চয় খোয়া যাওয়ার আশঙ্কা থাকায় বিতর্ক রয়েই গেছে।
বেইলআউট চুক্তির বিষয়টি সামাল দেয়া নিয়ে সমালোচনার মুখে ছিলেন অর্থমন্ত্রী সারিস।
এর আগে প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস সাইপ্রাসের অর্থনৈতিক সঙ্কটে পড়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।
কি কারণে সাইপ্রাস দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছে কঠিন শর্তে বেইলআউট তহবিল নিতে বাধ্য হল তাই খতিয়ে দেখবে তিন বিচারকের প্যানেল।
