‘ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতি’
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে বলে দক্ষিণ আফ্রিকা সরকার জানিয়েছে।
রোববার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দপ্তর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়।
চারদিন ধরে ম্যান্ডেলা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার শরীরে ধরা পড়া নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছেন তিনি।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “পূর্ণ বিশ্রামে একটি দিন কাটিয়েছেন নেলসন ম্যান্ডেলা। তার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।”
“সাবেক প্রেসিডেন্টের শারীরিক সুস্থতা ও আরোগ্যের জন্য চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করায় সরকার তার সন্তোষ জানাচ্ছে।”
শনিবার ম্যান্ডেলার শারীরিক অবস্থা সম্পর্কে প্রথম বিস্তারিত প্রতিবেদনে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ফুসফুস ঘিরে থাকা অতিরিক্ত তরল পদার্থ সরিয়ে নেওয়া হয়েছে।
এই নিয়ে চারমাসে ম্যান্ডেলা তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন। এতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এ বিশ্বনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন ম্যান্ডেলা। সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসন ও তাদের বর্ণবাদ প্রথার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনা ম্যান্ডেলা বিশ্ববাসীর গভীর শ্রদ্ধা অর্জন করেছেন। ক্ষমতায় এসে কোনো ধরনের প্রতিশোধের পথে না গিয়ে সব বর্ণের মানুষ নিয়ে রাষ্ট্র গড়ার প্রচেষ্টা নিয়ে ব্যাপক প্রশংসিত হন তিনি।
১৯৯৯ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর গত এক দশক ধরে রাজনীতিতে আর সক্রিয় থাকেননি তিনি।
রোববার দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা “ইস্টার পরবে বিভিন্ন গির্জায় মাদিবার জন্য প্রার্থনা করার জন্য হাজার হাজার দক্ষিণ আফ্রিকানকে” ধন্যবাদ জানান। মাদিবা ম্যান্ডেলার গোত্র নাম।
এ সময় ম্যান্ডেলার অসুস্থতার পরিপ্রেক্ষিতে বিশেষবার্তা পাঠানোর জন্য বিদেশি সরকারদেরও ধন্যবাদ জানান।
রাজনৈতিক বন্দি হিসেবে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলের রোবেন দ্বীপের কারাগারে ও অন্যান্য করাগারে ২৭ বছরের বন্দি জীবন কাটান। বন্দি থাকা অবস্থাতেই তার শরীরে যক্ষ্মর জীবাণু বাসা বাঁধে। তখন থেকেই ফুসফুসের সমস্যার ভূগছেন তিনি।
