২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় নারীর প্রেমে পড়েছিলেন ম্যান্ডেলা!

ভারতীয় বংশোদ্ভূত একজন নারীকেই ফার্স্ট লেডি হিসাবে পেত দক্ষিণ আফ্রিকা।যদি দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার বিয়ের প্রস্তাবে রাজি হতেন আমিনা কাচালিয়া।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

২৭ বছর কারাবাসের পর দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস(এএনসি) কর্মী ইউসুফ কাচালিয়ার বিধবা স্ত্রী আমিনা কাচালিয়াকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন আমিনা।

গত মাসে ৮৩ বছর বয়সে মারা যান আমিনা।কিন্তু মৃত্যুর আগে লিখে যাওয়া জীবনী ‘হোয়েন হোপ এন্ড হিস্টোরি রাইম’ এ নেলসন ম্যান্ডেলার সঙ্গে তার সম্পর্কের বর্ণনায় বেরিয়ে এসেছে নতুন এ অজানা তথ্য।এনডিটিভি এ খবর দিয়েছে।

জীবনীতে আমিনা তুলে ধরেছেন তার সঙ্গে আজীবন পারিবারিক বন্ধু ম্যান্ডেলার প্রেম সম্পর্কের কথা।

লিখেছেন, কিভাবে ম্যান্ডেলার বাড়ি কিংবা কার্যালয়ে গিয়ে কাজ ভুলে তার দিকে চেয়ে থাকতেন আমিনা।আর ম্যান্ডেলাও তাকে পাশে বসিয়ে আবেগাপ্লুত হয়ে তার রূপের প্রশংসা করতেন।।

জোহান্সবার্গে আমিনার বাড়িতে প্রেমঘন এমনই এক সন্ধ্যায় তাকে বিয়ের প্রস্তাব দেন ম্যান্ডেলা।কিন্তু সঙ্গে সঙ্গেই ম্যান্ডেলাকে তার স্ত্রী গ্রাসা মিশেল এর কথা মনে করিয়ে দিয়ে সে প্রস্তাব ফিরিয়ে দেন আমিনা।

“আসলে আমি হয়ত তার প্রস্তাব মেনে নেয়ার কথা চিন্তা করতে পারতাম।কিন্তু গ্রাসার কথা মনে করে আমি তা করতে পারিনি।”

“বিয়ের ব্যাপারে আমার দিক থেকে কোনো বাধা না থাকলেও, তার (ম্যান্ডেলা) দিক থেকে ছিল,” লেখেন আমিনা।

ম্যান্ডেলা বর্তমানে ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ম্যান্ডেলা। সংখ্যালঘু বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার পতনের সংগ্রামের জন্য ২৭ বছর কারাবাস করতে হয়েছিল তাকে। ১৯৯০ সালে তিনি কারগার থেকে মুক্তি পান।

বর্ণবাদবিরোধী এ সংগ্রামের জন্য ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জাতির জনক হিসেবে স্বীকৃত।