তিব্বতে ভূমিধসে ৮৩ খনিশ্রমিক আটকা
তিব্বতের রাজধানী লাসার কাছাকাছি ভূমিধসের ঘটনায় ৮৩ জন খনিশ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারের লক্ষ্যে শত শত উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ১ হাজার পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য এবং চিকিৎসক পাঠানো হয়েছে।
ওই অঞ্চলে থাকা বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার সকালে ভূমিধসের পর যে সময় অতিক্রান্ত হয়েছে এবং যে পরিমাণ ভূমিধস হয়েছে তাতে আটকা বা চাপা পড়া কারো বেঁচে থাকার আশা ক্ষীণ।
জানা গেছে, শ্রমিকদের অধিকাংশই হান আদিবাসী সম্প্রদায়। তাদের সঙ্গে আদিবাসী তিব্বতি দুইজনও রয়েছে।
শ্রমিকদের অধিকাংশই ইউনান, গুইজু এবং সিচুয়ান প্রদেশ থেকে এসেছেন।
পুলিশ জানিয়েছে, প্রায় ৪ বর্গকিলোমিটার এলাকা ভূমিধসের শিকার হয়েছে।
তিব্বতের খনিটি তামা উত্তোলন করে থাকে। পাশাপাশি কিছু রূপা ও সোনাও এই খনিতে উত্তোলিত হয়।
চীনের বৃহত্তম স্বর্ণ উৎপাদক চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপ এই খনিটি পরিচালনা করে থাকে।
এদিকে পৃথক এক ঘটনায় চীনের উত্তরপূর্বাঞ্চলীয় বাইশান শহরের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছেন।
ওই অঞ্চলের বাবাও নামে এক খনিতে এই দুর্ঘটনা ঘটে। তবে এই খনি থেকে ১৩ শ্রমিককে উদ্ধারও করা হয়েছে।
রাষ্ট্রনিয়ন্ত্রিত তাঙ্গুয়া মাইনিং গ্রুপ এটি পরিচালনা করে থাকে।
