২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সহিংসতায় নিহতের সংখ্যা ৪০

মিয়ানমারের মধ্যাঞ্চলে গত বুধবার থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। সেখানে এখনো অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 03:26 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

পরিস্থিতি নিয়ন্ত্রনে সোমবার মিয়ানমার সরকার মিইকতিলা শহরে সেনা মোতায়েনের পরও সোমবার শহরটির গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। বিক্ষুব্ধদের ধরানো আগুনে পোড়ে আরো মসজিদ ও বাড়িঘর। মঙ্গলবার সেনারা জ্বালিয়ে দেয়া বাড়িঘরের ধ্বংসস্তুপ পরিস্কারের কাজ চলার মাঝেই মিইকতিলায় উদ্ধার হয়েছে আরো ৮ টি লাশ। ‘দ্য নিউ লাইট অব মিয়ানমার’ পত্রিকা একথা জানিয়েছে। গত বুধবার দেশটির মিইকতিলায় একটি স্বর্ণের দোকানে বিতর্কের জের ধরে দেশটির বৌদ্ধ এবং মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে দাঙ্গা শুরু হয় । এতে নিহতের সংখ্যা ৪০ এ পৌঁছানো ছাড়াও অন্তত ৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইয়াঙ্গুনের আশেপাশের শহরগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ায় মিয়ানমারের বেশ কিছু জায়গায় ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে মিয়ানমারে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। গত বছর মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে দাঙ্গার সূত্রপাত। এতে শতাধিক মানুষের প্রাণহানিসহ লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।