প্যারিসে সমকামী বিয়ে বিলের বিরুদ্ধে বিক্ষোভ
সমকামী বিয়ে ও সমকামী জুটির স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ফরাসি সরকারের পরিকল্পিত বিলের বিরুদ্ধে রোববার প্যারিসে লাখো মানুষ বিক্ষোভ করেছে।
বিক্ষোভে মারামারি ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ছোঁড়ে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস জানিয়েছেন, এ ঘটনায় কয়েকডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে সমকামী বিয়ে ও সমকামী জুটির স্বীকৃতি সম্পর্কিত বিলটি পাস হয়েছে। এপ্রিলে এটি সিনেটে আলোচনার জন্য উপস্থাপন করার কথা রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলান্দের স্যোসালিস্ট পার্টি ও তার মিত্ররা পার্লামেন্টের উচ্চ এবং নিম্ন উভয়কক্ষ নিয়ন্ত্রণ করছে।
তবে সাম্প্রতিক মতামত জরিপে দেখা গেছে, ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো সমকামী বিয়ের স্বীকৃতি সমর্থন করছে। কিন্তু এই সমর্থনের হার সাম্প্রতিক সপ্তাগুলোতে কিছুটা কমেছে।
প্যারিসে বিক্ষোভকারীরা ‘আমরা কাজ চাই, সমকামী বিয়ে নয়’ এবং ‘সমকামী চরমপন্থাকে না’ শীর্ষক বিভিন্ন ব্যানার বহন করে নিয়ে এসেছিল।
পুলিশ প্রেসিডেন্ট প্রাসাদের পেছন দিয়ে যাওয়া চ্যাম্পস লিসিসের রাস্তা দিয়ে মিছিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু বিক্ষোভকারীরা সেই নিষেধ অমান্য করায় তাদের নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ছুঁড়ে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস জানিয়েছেন, বিক্ষোভকারীরা অধিকাংশই দেশটির কট্টরডানপন্থী গোষ্ঠীর কর্মীসমর্থক ।
