পাকিস্তানে ফিরেছেন মুশাররফ
স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে এবং তালেবান জঙ্গিদের হত্যার হুমকি উপেক্ষা করে রোববার পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।
দুবাই বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করে।
আসছে সাধারণ নির্বাচনে নিজ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরলেন মুশাররফ।রোববার দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে করাচিতে আসেন তিনি।
এ সময় বিমানবন্দরের কাছে জড়ো হয় তার সমর্থকরা। প্রায় ২শ’ সমর্থক এবং সাংবাদিকের একটি দল মুশাররফের পাশাপাশি যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকে আসা তার দলীয় সদেস্যদের সঙ্গে দেখা করেন।
ওদিকে, মুশাররফ করাচি বিমানবন্দরে সমবেত হওয়া ১ হাজারেরও বেশি সমর্থকের হর্ষধ্বনির মধ্যে বলেন, “মানুষ বলত আমি আসব না।তারা এখন কোথায়? লোকজন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। কিন্তু আমি কেবলমাত্র আল্লাহকে ভয় করি, আর কাউকে না।”
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “৫ বছর আগে আমি যে পাকিস্তান ছেড়ে গেছি সে পাকিস্তান কোথায় গেল?আজ দেশের অবস্থা দেখে আমার হৃদয়ে রক্ত ঝরে। আমি আপনাদের জন্যই ফিরে এসেছি। যে পাকিস্তানকে পেছনে ফেলে গিয়েছিলাম সেই অবস্থায় তাকে আবারো ফিরিয়ে আনতে চাই।”
শনিবার দুবাইতে এক সংবাদ সম্মেলনে মুশাররফ পূর্বঘোষণা মতো দেশে ফেরার ঘোষণা দেন এবং তালেবানের হুমকিতে ভীত নন বলে জানান।
শনিবার এক ভিডিও বার্তায়, পাকিস্তানে পা দেওয়া মাত্রই মুশাররফকে আত্মঘাতী বোমা হামলা ও দূরপাল্লার রাইফেলের গুলিতে হত্যা করার হুমকি দিয়েছিল পাকিস্তানের তালেবানরা। এর কয়েক ঘন্টার মধ্যেই সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন মুশাররফ।
ভিডিও বার্তায় তেহরিক ই তালেবান পাকিস্তানের মুখপাত্র ইহাসানুল্লাহ ইহসান বলেন, দেশে ফিরলে জঙ্গিদের প্রধান লক্ষ্যে পরিণত হবেন মুশাররফ। একই বার্তায় মুশাররফকে তালেবানের কাছে আত্মসমর্পণ করতে বলেন তিনি।
এর আগে মুশাররফকে হত্যা প্রচেষ্টার সঙ্গে জড়িত জঙ্গি আদনান রশিদ জানিয়েছিলেন, মুশাররফকে হত্যার জন্য একটি আত্মঘাতী স্কোয়াড গঠন করেছে তালেবান।
পাকিস্তানে ফিরলে “বিপদগ্রস্ত” হতে পারেন বলে চলতি সপ্তাহের প্রথম দিকে মুশাররফকে সতর্ক করেন সৌদি আরবের কর্মকর্তারা।
২০০৮ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে গত চার বছর ধরে মুশাররফ লন্ডন ও দুবাইতে নির্বাসিত জীবন-যাপন করেছেন।
এর আগে বেশ কয়েকবার তিনি পাকিস্তানে ফেরার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পূর্ববর্তী ওইসব উদ্যোগ থেকে সরেও দাঁড়িয়েছিলেন তিনি।
২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহতের ঘটনায় তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার মামলায় মুশারফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
বেলুচ গোত্রীয় নেতা নওয়াব আকবর বুগতি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পাশাপাশি ২০০৭ সালের নভেম্বরে উচ্চতর আদালতের বিচারপতিদের অপসারণের ঘটনাতেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে মুশাররফের বিরুদ্ধে।
৩ লাখ রূপির বিনিময়ে বিচারক সাজ্জাদ আলি শাহ ওই ৩টি মামলায় মুশাররফকে জামিন দিয়েছেন।
জামিনের নির্দেশে বলা হয়েছে, উচ্চতর আদালতের বিচারকদের অপসারণ সংক্রান্ত মামলায় মুশাররফকে ১০ দিনের মধ্যে গ্রেপ্তার করা যাবে না।
আর অপর দুই মামলায় তাকে আগামী ১৪ দিনের মধ্যে গ্রেপ্তার করা যাবে না।
এই জামিনের (প্রটেকটিভ বেইল) পরিপ্রেক্ষিতে মুশাররফের পাকিস্তানে প্রত্যাবর্তনের পথে প্রধান বাধা দূর হয়।
তবে সাবেক এই প্রেসিডেন্ট তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোকে ‘ভিত্তিহীন’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বরাবরই দাবি করে আসছেন।
১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যূত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ।
২০০৮ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে তার অনুসারী ও সমর্থকরা শোচনীয়ভাবে পরাজিত হয়।
আর অভিসংশনের হুমকির মুখে ওই বছরের অগাস্টে পদত্যাগ করে দেশ ছেড়ে স্বেচ্ছানির্বাসনে যান তিনি।
