রাসায়নিক অস্ত্রের হামলায় সিরিয়ায় নিহত ২৫
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে মঙ্গলবার প্রাণঘাতী রাসায়নিক ক্ষেপণাস্ত্রের হামলায় ২৫ জন নিহত হয়েছে এবং ৮৬ জন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে।
হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।
নিহতদের মধ্যে ১৬ জন সেনা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আসাদবিরোধী মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
এ হামলার বিষয়ে সরকার ও বিদ্রোহীপক্ষ একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে। এ ঘটনা সত্য হলে সিরিয়ায় দু’ বছরের লড়াইয়ে এটিই হবে প্রথম রাসায়নিক অস্ত্রের ব্যবহার।
আন্তর্জাতিক কোনো সংস্থা বা পশ্চিমা কোনো দেশ শেষ খবর পাওয়া পর্যন্ত সিরিয়ায় রাসায়নিক হামলা হয়েছে বলে নিশ্চিত করেনি। তবে দামেস্কের মিত্র রাশিয়া এ হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে।
সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল জোয়াবি বলেছেন, “বিদ্রোহীরা আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে খান আল আসাল শহরে বিষাক্ত গ্যাস ভরা রকেট ছুঁড়েছে।শহরের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নাইরাব থেকে এ রকেট ছোঁড়ে তারা।নাইরাবের কিছু অংশ বিদ্রোহী নিয়ন্ত্রিত।”
তিনি আরো বলেন, “রকেটের ওই গ্যাসে মানুষ অচেতন হয়ে পড়ে। তারপর পেশী সঙ্কোচন হয়ে মারা যায়।”
সিরিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বলেন, “এ বিষয়ে নিরাপত্তা পরিষদে সরকারের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থনকারীদের চিহ্নিত করে এর দায়দায়িত্ব নির্ধারণ করার আহ্বান জানাবে।”
এই সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে সতর্ক করেন তিনি।
তবে ঊর্ধ্বতন এক বিদ্রোহী কমান্ডার এবং উচ্চ সামরিক পরিষদের মুখপাত্র কাশিম সাদেদ্দিন তথ্যমন্ত্রী জোয়াবির অভিযোগ অস্বীকার করে এ হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীকেই দায়ী করেছেন।
আলেপ্পো থেকে টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, “আমরা সকাল থেকেই খান আল আসালে সরকারি বাহিনীর হামলার খবর শুনছি। তাছাড়া, হঠাৎ করেই আমরা এও জানতে পেরেছি যে, তারা এ হামলার খবর আমাদের বিরুদ্ধে প্রচার করছে।”
“আমাদের ধারণা, তারা রাসায়নিক উপাদান সম্বলিত স্কাড ক্ষেপণাস্ত্র হামলা করেছে। বিদ্রোহীরা এ হামলায় জড়িত নয়,” বলেন সাদেদ্দিন।
জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসির্কি বলেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত করার মত অবস্থায় তারা নেই। তবে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘণ হবে বলে মন্তব্য করেন তিনি।
বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এ ধরনের কোনো পরিষ্কার প্রমাণ নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
