২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিনের সফরে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ওবামা

প্রথম আনুষ্ঠানিক সফরে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল ও ফিলিস্তিনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সফরে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে মিলিত হবেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Mar 2013, 08:16 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

জানুয়ারিতে ইসরায়েলের সাধারণ নির্বাচনে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গত শুক্রবার একটি জোট সরকার গঠনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছেন নেতানিয়াহু।

ফিলিস্তিনের জন্য কোনো শান্তি উদ্যোগ নিয়ে ওবামা মধ্যপ্রাচ্যে আসছেন না। প্রথম মেয়াদে দেশদুটির সঙ্গে কখনো কখনো সৃষ্টি হওয়া ঠাণ্ডা সম্পর্ক উষ্ণ করতেই তার এ সফর।

বুধবার থেকে শুরু হওয়া তার এ সফরের বেশিরভাগ সময় তিনি মিত্র দেশ ইসরায়েলেই থাকবেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষর্থীদের সামনে তার একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েলের উদ্বেগ, ফিলিস্তিনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক, পশ্চিমতীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের উদ্যোগ, মধ্যপ্রাচ্যে ইসলামপন্থীদের উত্থান এবং সিরিয়ার বাসার আল আসাদ সরকারের বিরু্দ্ধে ইসলামপন্থী নয় এমন বিদ্রোহীদের সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আগামী ২২ মার্চ, শুক্রবার ওবামার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা রয়েছে।