২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ওপর সামরিক নিষেধাজ্ঞা শিথিল করবে অস্ট্রেলিয়া

মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। ২০১১ সাল থেকে দেশটির সামরিক শাসন অবসানের পর গণতান্ত্রিক সংস্কার শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সোমবার এই ঘোষণা দিয়েছেন।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 18 Mar 2013, 06:50 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

ক্যানবেরায় মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইন সফরকালে গিলার্ড বলেন, সামরিক মানবিক সহায়তা এবং শান্তিরক্ষার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু অস্ত্র বিক্রির ক্ষেত্রে তা নিষেধাজ্ঞা বজায় থাকবে।

থিয়েন সেইনের এই সফরের মধ্যদিয়ে ১৯৭৪ সালের পর প্রথমবারের মত মিয়ানমারের কোনো নেতা ক্যানবেরা সফর করছে।

‘আজ আমরা যে উদ্যোগ নিয়েছি সেটি দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ’ বলেন গিলার্ড।

মিয়ানমারের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।

গিলার্ড আরো জানিয়েছেন,২০১১ সালে মিয়ানমারের সেনা শাসন অবসানের পর দেশটিতে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার শুরু হলে পশ্চিমাবিশ্ব ধারাবাহিকভাবে বিভিন্ন নিষেধাজ্ঞা হয় তুলে নিচ্ছে নয়তো শিথিল করছে।

তবে গত সপ্তায় দেশটিতে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক সতর্ক করে জানিয়েছেন, মিয়ানমারের অগ্রগতি অনিশ্চিত। কেননা এখনো প্রায় ২৫০ জন রাজনীতিককে এখনো আটক রাখা হয়েছে এবং প্রায় সোয়া লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।

অস্ট্রেলিয়া শিগগিরই মিয়ানমারে অস্ট্রেলীয় দূতাবাসে প্রতিরক্ষা বিষয়ক একজন দূত প্রেরণ করবে এবং মানবাধিকার খাতে বাড়তি ২ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে।

থিয়েন সেইন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান, এই সহায়তা যথাযথভাবে কাজে লাগানো হবে।

বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন মিয়ানমারকে এশিয়ার সবচে’ দরিদ্র দেশ বলে বিবেচনা করা হয়।

অস্ট্রেলীয় সরকার ২০১২ সালে মিয়ানমারের ওপর থেকে ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় এবং আর্থিক সহায়তা দ্বিগুণ করে ১০ কোটি মার্কিন ডলারে উন্নীত করে যা ২০১৫ সালের মধ্যে দেশটিকে দেয়া হবে।