২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ উ কোরিয়ার

কোরিয়া উপদ্বীপে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ করেছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. সূত্র বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

কেসিএনএ বার্তা সংস্থা বলেছে, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলতে থাকার মধ্যে ঘন ঘন এবং ক্রমাগত সাইবার হামলা চলছে। এ সপ্তাহে সাইবার হামলায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ওয়েবসাইটের জন্য শুক্রবার যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে দোষারোপ করেছে উত্তর কোরিয়া। তবে বিশেষজ্ঞরা বলছেন, আসলেই কি হয়েছে তা সুনির্দিষ্ট করে জানতে কয়েক মাস লাগবে এবং মূলত চীন থেকেই হ্যাকিংয়ের ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু উত্তর কোরিয়ার সরকারি কেসিএনএ বার্তা সংস্থা ওয়েবসাইট হ্যাকিংয়ের জন্য যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে দোষারোপ করে বলেছে, তারা ঘন ঘন ভাইরাস হামলা চালিয়ে পিয়ংইয়ং এর সাইবারসিস্টেমের বিরুদ্ধে আরো বেশি আগ্রাসী অবস্থান নিচ্ছে। এ সাইবার হামলাকে ‘কাপুরুষোচিত এবং ন্যাক্কারজনক কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র এবং এর হাতের পুতুল দক্ষিণ কোরিয়া সরকার যে এ হামলার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার ক্ষতি করার চেষ্টায় উঠে পড়ে লেগেছে তা আর এখন কারো কাছে গোপন নেই বলে মন্তব্য করেছে ডিপিআরকে (উত্তর কোরিয়া)। গত মাসে তৃতীয়বারের মতো উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষা চালানোকে কেন্দ্র করে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। উত্তর কোরিয়ার ওই পদক্ষেপের পর দেশটির ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। কিন্তু তার পর থেকেই এ নিষেধাজ্ঞার পাশাপাশি দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র সামরিক মহড়ার বিরুদ্ধে নানারকম পাল্টা হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া।