মিশরে পার্লামেন্ট নির্বাচন স্থগিতে আদালতের নির্দেশ
মিশরে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত।
কায়রোর প্রশাসনিক আদালত জানিয়েছে, প্রেসিডেন্ট মোহামেদ মুরসি যে নির্বাচনী আইন ঘোষণা করেছেন সেই আইন সর্বাচ্চ সাংবিধানিক আদালত পর্যালোচিত হতে হবে।
নির্বাচন স্থগিতে আদালতের আদেশের পর মুরসি জানিয়েছেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এর বিরুদ্ধে আপিল করার সম্ভাবনা নেই।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট মুরসি পার্লামেন্ট নির্বাচনের জন্য একটি রূপরেখা ঘোষণা করেছিলেন। দুইমাসব্যাপী ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সূচিও তিনি নির্ধারণ করেছিলেন। সেই সূচি অনুযায়ী ২২ এপ্রিল থেকে দেশটিতে সংসদ নির্বাচন শুরু হওয়ার কথা ছিল।
মুরসি নির্বাচনের তারিখ ঘোষণার পর প্রধান বিরোধীদলীয় জোট ন্যাশনাল সালভেশন ফ্রন্ট (এনএসএফ) জানিয়েছিল, তারা এই নির্বাচন বয়কট করবে কেননা প্রেসিডেন্টের ইসলামি মিত্রদের পক্ষে যাবে এই নির্বাচনী আইন প্রণীত হয়েছে। তবে তা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট মুরসি।
এনএসএফ উদ্বেগ প্রকাশ করে আরো জানিয়েছে, এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না।
মিশরের প্রশাসনিক আদালত বলেছে, তারা নির্বাচন স্থগিতের নির্দশ এ কারণেই দিয়েছে কারণ, ইসলামপন্থি প্রভাবিত দেশটির উচ্চকক্ষ, সুরা কাউন্সিল নির্বাচনী আইন প্রণীত হওয়ার পর সর্বাচ্চ সাংবিধানিক আদালতে পর্যালোচনার জন্য পাঠায়নি।
ফেব্রুয়ারিতে এই আইন প্রণীত হয়।
আদালত আরো জানিয়েছে, সুরা কাউন্সিল আইনটি অনুমোদনের জন্য প্রেসিডেন্ট মুরসির কাছে পাঠায়।
প্রেসিডেন্ট মুরসির আইনি উপদেষ্টা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। কিন্তু পরবর্তী সময়ে এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।=
