২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে ধেয়ে যাচ্ছে তুষারঝড়

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল তুষারে ঢেকে দিয়ে প্রচণ্ড তুষার ঝড় এখন রাজধানী ওয়াশিংটনের দিকে ধেয়ে যাচ্ছে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়া রাস্তায় গাড়ি দুর্ঘটনায় শিশুসন্তানসহ এক নারী নিহত হয়েছেন।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 06 Mar 2013, 08:58 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার ঝড়টি ওয়াশিংটনের ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ।

তুষার ঝড়টি এদিন পূর্বমুখে ওহাইও উপত্যকা হয়ে অ্যাপলেশিয়ান উচ্চভূমির মধ্যদিয়ে মধ্য আটলান্টিক উপকূলের উপর দিয়ে বয়ে যাবে। ঝড়টি বয়ে যাওয়ার সময় ওয়াশিংটনে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া বিভাগের মুখপাত্র ক্রিস ভ্যাক্ক্যারো জানিয়েছেন, “এটি ভেজা, ভারী ও পেঁজা তুলার মতো তুষারে আচ্ছন্ন থাকবে।”

ওকলাহোমার ঝড় পূর্বাভাস কেন্দ্রের ধারণা, বুধবার দিন শেষে চার থেকে ছয় ইঞ্চি ও রাতের মধ্যে ওয়াশিংটন এলাকা কয়েক ইঞ্চি তুষারে ঢেকে যাবে।

মঙ্গলবার মধ্যরাতে শিকাগো ৪ থেকে ৮ ইঞ্চি তুষারে ঢেকে যাবে বলে শহরটির বাসিন্দাদের সতর্ক করেছে জাতীয় আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার সন্ধ্যার ব্যস্ত সময় শিকাগোতে ভারী তুষারপাত হচ্ছিল বলে জানিয়েছে ইলিনয়িসের সড়ক টহল পুলিশ। এতে দৃশ্যমানতা আধমাইলে নেমে আসায় রাস্তায় গাড়ি চলাচলে গতি ধীর হয়ে গেছে বলে জানিয়েছে তারা।

তুষার ঝড়ের কারণে রাজ্যের মহাসড়কগুলোতে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন টহল পুলিশের এক মুখপাত্র।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে পূর্বমুখী মহাসড়কে এক নারী গাড়ি চালকের গাড়ি পশ্চিমমুখী একটি ট্যাংক লরির সঙ্গে ধাক্কা খেয়ে চূর্ণ হয়ে যায়, এতে ওই নারী ও গাড়িতে থাকা তার শিশুসন্তান মারা যায়।

এছাড়া মঙ্গলবার তুষার ঝড়ের কারণে ঘটা অন্যান্য সড়ক দুর্ঘটনাগুলো রাস্তা থেকে গাড়ি ছিটকে যাওয়া ধরনের ছিল বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ইঞ্চিরও বেশি তুষার জমে যাওয়ায় এ পর্যন্ত ৯শ’ বিমানযাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে শহরটির বিমান পরিবহন বিভাগ। এছাড়া এ অঞ্চলের অভ্যন্তরীণ বিমান পথের আরো প্রায় ৫শ’ বিমানযাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থা।