২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরীয় শরণার্থী ১০ লাখ’

’১০ লাখেরও বেশি মানুষ শরণার্থী, লাখ লাখ মানুষ দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত আর হাজার হাজার মানুষ সীমান্ত অতিক্রম করছে প্রতিদিন। সিরিয়া ক্রমশ পূর্ণমাত্রায় ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।’

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 06 Mar 2013, 08:22 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

সিরিয়ার গৃহযুদ্ধে জীবন বাঁচাতে প্রায় ১০ লাখ মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। আশ্রয়দাতা দেশগুলোও এই বিপুল সংখ্যক মানুষের দেখভাল করতে হিমশিম খাচ্ছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

ইউএনএইচসিআর জানিয়েছে, শরণার্থীদের প্রায় অর্ধেকই শিশু। তাদের অধিকাংশের বয়স ১১ বছরেরও কম। আর শরণার্থীর এই সংখ্যা প্রতি সপ্তাহেই বাড়ছে।

এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার আন্তোনিও গুতরেস বলেন, ’১০ লাখেরও বেশি মানুষ শরণার্থী, লাখ লাখ মানুষ দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত আর হাজার হাজার মানুষ সীমান্ত অতিক্রম করছে প্রতিদিন। সিরিয়া ক্রমশ পূর্ণমাত্রায় ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। কিন্তু আন্তর্জাতিকভাবে মানবিক সহায়তার ক্ষেত্রে আশঙ্কাজনকভাবেই কম সাড়া পাওয়া যাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতির অবশ্যই অবসান হওয়া প্রয়োজন।’

সিরিয়ার বিপণ্ন মানুষেরা দেশটির পার্শ্ববর্তী রাষ্ট্র লেবানন, জর্ডান, তুরস্ক, ইরাক ও মিসরে পালিয়ে যাচ্ছে। কেউ কেউ উত্তর আফ্রিকা এবং ইউরোপেও যাচ্ছে বলে ইউএনএইচসিআর জানিয়েছে।

লেবানন হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কর সবচেয়ে নিকটবর্তী। এই দেশটিই সিরিয়ার সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

ইউএনএইচসিআর আরো জানিয়েছে, সিরিয়ার শরণার্থীদের সহায়তায় জাতিসংঘের পরিকল্পিত ১৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা তহবিলের মাত্র ২৫ শতাংশ এখনো পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় পূরণ করেছে। দাতারা বাকি অর্থ এখনো তহবিলে পাঠায়নি। ফলে শরণার্থীদের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না।

প্রায় ২ বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে দেশটিতে আন্দোলন শুরু হয়। কিন্তু এই আন্দোলন দমনে কঠোরভাবে বল প্রয়োগ শুরু করেন বাসার। ফলশ্রুতিতে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। জাতিসংঘের হিসেব অনুযায়ী দেশটিতে ২ বছরে সরকারবিরোধী সহিংসতায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে।