লিবিয়ার অস্ত্র নিষেধাজ্ঞা সহজ করার কথা ভাবছে রাশিয়া
লিবিয়া সরকারের অস্ত্র কেনার বিষয়টি সহজ করার জন্য একটি রাস্তা খুঁজে বের করার কথা বিবেচনা করছে রাশিয়া। তবে ইতোমধ্যে অস্ত্র দিয়ে সয়লাব হয়ে যাওয়া লিবিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিরোধিতাও করেছে রাশিয়া।
সোমবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন এসব কথা জানিয়েছেন। চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন চুরকিন।
গত সপ্তাহে লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জিদান জানিয়েছিলেন, তিনি লিবিয়ার ওপর থেকে অস্ত্র আমদানী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জাতিসংঘে আবেদন জানানোর পরিকল্পনা করেছেন।
২০১১ সালে একনায়ক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণঅভ্যূত্থান শুরু হলে লিবিয়ার অস্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।
চুরকিন বলেন, লিবিয়ার বিশাল মুরুভূমি এলাকার ওপর দেশটির সরকারের নিয়ন্ত্রণ শিথিলতা কারণে সীমান্ত এলাকায় অস্ত্রের বিস্তার ঘটতে পারে বলে কেউ কেউ উদ্বিগ্ন।
লিবিয়া এখনো আনুষ্ঠানিকভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার আবেদন করেনি, তবুও বিষয়টি নিয়ে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে আলোচনা হবে বলে জানিয়েছে তিনি। চলতি মাসের শেষ দিকে লিবিয়া বিষয়ে এক বৈঠকের আগেই ওই আলোচনা শেষ করা হবে।
চুকরিন বলেন, “অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পরিষদের কয়েকজন সদস্য আপত্তি জানিয়েছেন।”
লিবিয়া সরকার নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়ে ইতোমধ্যেই কিছু অস্ত্র আমদানি করতে পারছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, নিষেধাজ্ঞা পুরোপুলি তুলে না নিয়ে লিবিয়া সরকারের জন্য অস্ত্র আমদানি কিভাবে সহজ করা যায় তা নিয়ে ভাবা হচ্ছে।
পুরো লিবিয়ার ওপর কর্তৃত্ব স্থাপনে দেশটির সরকার এখনো হিমশিম খাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনীগুলো এখনও দুর্বল অবস্থায় আছে, আর দেশটির অধিকাংশ স্থানেই সাবেক বিদ্রোহী যোদ্ধাদের সমন্বয়ে গঠিত বেসামরিক সশস্ত্র বাহিনীগুলো কতৃত্ব বিস্তার করে আছে।
