বোমা হামলায় শোক, ধর্মঘটে অচল করাচি
শিয়াদের ওপর বোমা হামলায় ৪৫ জন নিহতের ঘটনার পর শোক ও ধর্মঘটে অচল পাকিস্তানের করাচি।
পাকিস্তানে করাচির শিয়া অধুষ্যিত আব্বাস শহরে রোববার ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৪৫ জনের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।পাশপাশি হামলার ঘটনার প্রতিবাদে ডাকা ধর্মঘটে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে অচল হয়ে পড়েছে জীবনযাত্রা।
মসজিদের কাছে সন্ধ্যার দিকে এ বোমা হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।হামলাটি আত্মঘাতী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
হামলার প্রতিবাদে সিন্ধু প্রদেশেও ধর্মঘট ডাকে কয়েকটি রাজনৈতিক দলের জোট।
এতে করে সিন্ধুতে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে সব পেট্রোল পাম্প এবং ফিলিং স্টেশনগুলোও।
ওদিকে, হামলায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তুপ থেকে সোমবারও মৃতদেহের সন্ধান করতে দেখা গেছে স্বজনহারাদের।নিহতদের স্মরণে তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছে শিয়ারা।
রোববার আব্বাস এলাকায় একটি মসজিদের কাছে এ বোমা হামলায় আশেপাশের কয়েকটি ভবন বিধ্বস্ত হওয়া ছাড়াও বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরের কিছু এলাকাও।হামলায় আহতের্ সংখ্যা দেড়শতাধিক বলে জানিয়েছে পুলিশ।
পাকিস্তানি সংখ্যালঘু শিয়াদের ওপর প্রায়ই সুন্নি জঙ্গিরা হামলা চালাচ্ছে। গত মাসে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোয়েটায় শিয়া এলাকায় বোমা হামলায় ৯০ জন নিহত হয়।
