ভারতে বোমায় ইস্পাত প্রকল্প বিরোধীরা নিহত
ভারতের ওডিশায় হাতে তৈরি এক বোমা বিস্ফোরণে একটি ইস্পাত প্রকল্প বিরোধী অন্তত তিন প্রতিবাদকারী নিহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার কোম্পানি পিওএসসিও ১২শ’ কোটি ডলারের পরিকল্পিত এই প্রকল্পটির বিনিয়োগকারী।
শনিবার ওডিশার জগৎসিংপুর জেলার পাতানা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা বোমা প্রস্তুত করছিল বলে পুলিশ সন্দেহ করলেও প্রতিবাদকারীদের এক মুখপাত্র জানিয়েছেন, ইস্পাত প্রকল্পের সমর্থনকারীদের নিক্ষিপ্ত বোমায় তারা নিহত হয়েছেন।
বোমায় আহত অপর এক প্রতিবাদকারীরা অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ।
পিওএসসিও প্রতিরোধ সংগ্রাম সমিতির পক্ষ থেকে বোমা হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। সংগ্রাম সমিতির মুখপাত্র প্রশান্ত পাইকারী বলেন, “নিরপরাধ গ্রামবাসীদের এই বর্বরোচিত ও অমানবিক হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবী জানাচ্ছি।”
এই এলাকার চার হাজার একর কৃষি জমির উপর পিওএসসিও’র এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা। ২০০৫ সালে এ বিষয়ে কোম্পানিটির সঙ্গে ওডিশা সরকারের একটি চুক্তি হয়। প্রকল্পটি থেকে বছরে ১ কোটি ২০ লাখ মেট্রিক টন ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইস্পাত উৎপাদনে পিওএসসিও বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম কোম্পানি।
প্রকল্প বাস্তবায়নে অর্ধেকের মতো জমি অধিগ্রহণ করার পর স্থানীয়দের প্রতিবাদ সত্বেও বাকী জমি অধিগ্রহণ করা চলছিল। আগামী কয়েকদিনের মধ্যে সরকার কৃষকদের কাছ থেকে বাকী জমিও অধিগ্রহণ করবে, পত্রপত্রিকায় এমন খবর প্রকাশের দুদিন পরই বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটলো।
নাম প্রকাশে অনিচ্ছুক পিওএসসিও’র এক কর্মকর্তা বলেছেন, “প্রকল্পটি বাস্তবায়নে আমরা শান্তিপূণভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই এলাকায় কোনো সহিংসতা আমাদের কাম্য নয়।”
