২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যাভেজের মৃত্যুর গুজব, ভেনেজুয়েলার প্রত্যাখ্যান

ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ মারা গেছেন এমন একটি গুজব ছড়িয়ে পড়লে শ্যাভেজের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। শ্যাভেজের আত্মীয়স্বজন ও ভেনেজুয়েলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রেসিডেন্ট এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Mar 2013, 06:29 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) এ নিযুক্ত পানামার সাবেক রাষ্ট্রদূত গুইলারমো কোচেজ এক বিবৃতিতে শ্যাভেজের মৃত্যু হয়েছে বলে দৃঢ়ভাবে জানানোর পর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

কোচেজ বলেন, ডিসেম্বরের পর থেকে প্রায় কোমা অবস্থায় থাকা শ্যাভেজের লাইফ সাপোর্ট কয়েকদিন আগে তার নিকটজনেরা বন্ধ করে দিয়েছে। ভেনেজুয়েলা সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তাকে ভুল প্রমাণ করতে শ্যাভেজকে জনসম্মুখে আনা হোক।

শুক্রবার স্পেনের এবিসি সংবাদপত্রে প্রকাশিত আর এক খবরে এই গুজব আরো উস্কে দেয়।

ওই খবরে বলা হয়, ক্যান্সারের “সর্ব শেষ” অবস্থা মোকাবিলার জন্য শ্যাভেজকে ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলের দ্বীপ লা ওর্চিলার প্রেসিডেন্সিয়াল অবকাশযাপন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার পরিবারের ঘনিষ্ঠজনরা সবাই উপস্থিত আছেন।

শ্যাভেজের অসুস্থতাকে কেন্দ্র করে “চরম ডানপন্থীদের” ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে কোচেজ ও এবিসি সংবাদপত্রের তীব্র সমালোচনা করেছে ভেনেজুয়েলার কর্মকর্তারা।

“এই যে এখানে তিনি, লড়াই করে যাচ্ছেন, যুদ্ধ করছেন আর আমরা তার জয়ের ব্যাপারে নিশ্চিত!” উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে বলেন বারিনাস রাজ্যের গভর্নর হুগোর বড় ভাই আদান শ্যাভেজ।

ভেনেজুয়েলার বিজ্ঞানমন্ত্রী শ্যাভেজের জামাই জর্জ অ্যারেনজা ট্যুইটারে মন্তব্য করে বলেছেন, “অবাস্তব ও অপ্রত্যাশিত গুজব ছড়িয়ে ডানপন্থীরা নিজেদের শ্রদ্ধা হারাচ্ছে এবং জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ছে।”

শ্যাভেজের উত্তরসূরী ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত সপ্তাহে কয়েকবার বলেছেন, প্রেসিডেন্ট শ্যাভেজ মরণের সঙ্গে লড়াই করছেন। পাশাপাশি ভেনেজুয়েলাবাসীকে ধৈর্য্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।

ভেনেজুয়েলার ২ কোটি ৯০ লাখ মানুষ শ্যাভেজের শারীরিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে।

দুটি আলাদা আলাদা মতামত জরিপে দেখা গেছে, একটি জরিপে ৬০ ভাগ মানুষ এবং অপর জরিপে ৫৭ ভাগ মানুষ শ্যাভেজ সুস্থ্য হয়ে উঠবেন বলে বিশ্বাস করে।