পাকিস্তানে ফিরছেন পারভেজ মুশাররফ
দুবাইয়ে প্রায় তিন বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে এ মাসেই তিনি দেশে ফিরবেন এবং আসন্ন পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবেন বলে জানান।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ শুক্রবার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
দুবাইয়ে প্রায় তিন বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে এ মাসেই তিনি দেশে ফিরবেন এবং আসন্ন পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবেন বলে জানান।
দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে মুশাররফ বলেন, “আমি তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।১৬ মার্চের মধ্যে এ সরকার গঠিত হওয়ার কথা রয়েছে।”
১৬ মার্চের মধ্যে পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য গঠন করা হবে এ তত্ত্বাবধায়ক সরকার।
মুশাররফ প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “সেটি পরের ব্যাপার।এ মুহূর্তে আমি পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে দেশে ফিরছি। আমার দল এ নির্বাচনে ভাল করবে বলে আশা করি।”
পাকিস্তানের অর্থনীতি খুব খারাপ যাচ্ছে উল্লেখ করে মুশাররফ বলেন, এ বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার জন্যই তিনি দেশে যাচ্ছেন।
১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যূত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ।২০০৮ সালের অগাস্টে পদত্যাগের পর থেকে তিনি লন্ডন এবং দুবাইয়ে নির্বাসিত জীবন-যাপন করেছেন।
২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহতের ঘটনায় তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার মামলায় মুশারফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।দেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন তিনি।
তবে এ ব্যাপারে মুশাররফ বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানাকে তিনি ভয় পাননা।এ বিষয়টি তিনি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন।
তাছাড়া, গ্রেপ্তার হওয়ার কোনো কারণও দেখছেন না জানিয়ে তিনি বলেন, “বিমানবন্দরে নামার পর কি হয় তা আমি দেখব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।”
কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুশাররফ গ্রেপ্তার কিংবা আটক না হওয়ার নিশ্চয়তা পেতে সৌদি আরবের সাহায্য নেয়ার চেষ্টা করতে পারেন।
