‘মৃত্যুর সঙ্গে লড়ছেন শ্যাভেজ’
২০১২ সালের ডিসেম্বরে শেষবার অস্ত্রোপচারের জন্য কিউবায় যাওয়ার পর থেকে ১৪ বছর ধরে ভেনেজুয়েলা শাসনকারী প্রেসিডেন্ট শ্যাভেজকে আর জনসম্মুখে দেখা যায়নি। তিনি অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত বলে ধারণা করা হয়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ‘মৃত্যুর সঙ্গে লড়াই’ করছেন বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে শুক্রবার বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে মাদুরো বলেন, “আমাদের কমান্ডার অসুস্থ কারণ তিনি সর্বহারাদের জন্য তার জীবন উৎসর্গ করেছেন।”
তিনি বলেন, “প্রেসিডেন্ট শ্যাভেজ নিজের শরীরের দিকে নজর দেননি, কারণ তিনি তার শরীর ও মন জনগণের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি তার জীবনের জন্য যুদ্ধ করছেন, তার শরীর বাঁচানোর জন্য যুদ্ধ করছেন আর আমরা তার পাশে আছি।”
২০১১ সালের জুনে শ্যাভেজ প্রথম জানান, তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। তবে ক্যান্সারের ধরন ও শরীরের কোন অংশ এতে আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেননি।
২০১২ সালের ডিসেম্বরে শেষবার অস্ত্রোপচারের জন্য কিউবায় যাওয়ার পর থেকে ১৪ বছর ধরে ভেনেজুয়েলা শাসনকারী প্রেসিডেন্ট শ্যাভেজকে আর জনসম্মুখে দেখা যায়নি। তিনি অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত বলে ধারণা করা হয়।
শেষ অস্ত্রোপচারের পর থেকে তিনি ফুসফুস সংক্রমণে ভুগছেন বলে প্রকাশিত খবরে জানা গেছে।
ফেব্রুয়ারির মাঝামাঝি গুরুতর অসুস্থ শ্যাভেজ কিউবা থেকে দেশে ফিরে আসেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেশ কয়েকটি ট্যুইট করেন। ট্যুইটগুলোতে তিনি কিউবার কর্তৃপক্ষকে তাদের সহায়তার জন্য এবং ভেনেজুয়েলাবাসীদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
এর এক সপ্তাহ আগে কিউবায় দুই কন্যার সঙ্গে হাসপাতালের বিছানায় শায়িত শ্যাভেজের হাস্যেজ্জ্বল ছবি প্রকাশ করা হয়।
কিন্তু তারপর থেকে শ্যাভেজের শারীরিক অবস্থা সম্পর্কে খুব অল্প তথ্যই জানা গেছে।
২০১২ সালের অক্টোবরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে পরবর্তী ছয় বছরের জন্য শ্যাভেজ পুনরায় নির্বাচিত হন। কিন্তু অসুস্থতার জন্য তিনি শপথ নিতে পারেননি।
মাদুরোকে শ্যাভেজপরবর্তী ভেনেজুয়েলার নেতা হিসেবে বিবেচনা করা হয়। শ্যাভেজই তাকে নিজের উত্তরসূরী মনোনীত করেছেন।
