২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেবে না পশ্চিমা দেশগুলো

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের জন্য লড়াইরত বিদ্রোহী যোদ্ধাদের সরাসরি সাহায্য পাঠানোর ঘোষণা দিলেও অস্ত্র সাহায্য দেবে না বলে নিশ্চিত করেছে পশ্চিমা দেশগুলো। এতে হতাশ হয়েছে সিরিয়ার বিদ্রোহী পক্ষগুলো।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Mar 2013, 07:26 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোমে সিরিয়ার বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের পর সিরিয়ার বিদ্রোহী বাহিনীর সমর্থনে সরাসরি খাদ্য এবং চিকিৎসা সহায়তা পাঠানোর ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্র সিরিয়ারবিরোধী পক্ষগুলোকে ৩৮ কোটি ৫০ লাখ ডলারের মানবিক সাহায্য দিলেও দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা অস্ত্র দেয়ার বিরোধিতা করে আসছেন। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র জঙ্গিদের হাতে চলে গেলে সেগুলো পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এই যুক্তিতে অস্ত্র দেওয়ার বিরোধিতা করছেন তিনি।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এখন থেকে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র ছাড়া সরাসরি সব ধরনের সাহায্য দেবে তারা। পাশাপাশি সিরিয়ার বেসামরিক বিরোধীদলগুলোর জন্য সাহায্য দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। সিরিয়ার জনগণের মধ্যে বিদ্রোহীদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলাই এ সাহায্যের উদ্দেশ্য।

এই সাহায্যের মধ্যে চিকিৎসা উপকরণ সরবরাহ, বিদ্রোহীদের যোদ্ধাদের জন্য খাদ্য এবং বিরোধীপক্ষগুলোকে নিরাপত্তা, শিক্ষা ও পয়নিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ৬ কোটি ডলার দেওয়া হবে।

রোমে ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ গোষ্ঠীর বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নতুন এসব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ গোষ্ঠী ১১ দেশের অধিকাংশই ইউরোপীয় ও আরব জাতিভুক্ত।

কেরি জানান, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো চিকিৎসা সামগ্রী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য দেয়া রেশন যা ‘তৈরি খাদ্য’ হিসেবে পরিচিত বিদ্রোহীদের সরবরাহ করবে।

চলতি মাস থেকে ইউরেপীয় ইউনিয়ন ‘সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার লক্ষ্যে’ বিদ্রোহীদের সরাসরি সাহায্য পাঠানো শুরু করেছে। এসব সাহায্যের মধ্যে সাঁজোয়া যান, অস্ত্র ছাড়া অন্যান্য সামরিক সরঞ্জাম ও অন্যান্য কৌশলগত সাহায্য।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, সতর্কভাবে বাছাই করা যোদ্ধারাই শুধু যুক্তরাষ্ট্রের সাহায্য পাবে। গণতন্ত্র, মানবাধিকার ও সহনশীলতা বিরোধী “চরমপন্থী” শক্তিগুলো সিরিয়ার যে অবস্থান তৈরি করছে তা যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে তুলেছে বলে জানান তিনি।

ইরান এবং হিজবুল্লাহর সমর্থনে সিরিয়ার সশস্ত্র বাহিনীর চলমান নৃশংসতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিচ্ছে জানিয়ে কেরি বলেন, “প্রেসিডেন্ট আসাদের দিন ফুরিয়ে এসেছে। তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।”

যুক্তরাষ্ট্রের ঘোষিত সাহায্য সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহীদের হাতকে শক্তিশালী করবে এবং তারা প্রতিনিধিত্বশীল সরকার গড়ে তুলতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন কেরি।

কিন্তু লড়াই জয়ের জন্য সিরীয় বিদ্রোহীদের দাবি অনুযায়ী তাদেরকে অস্ত্র পাঠাতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি বিদ্রোহীদের মাঝে হতাশা সৃষ্টি করেছে।

প্রায় দুই বছর আগে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ বিরোধিতা ক্রমে বিদ্রোহের রূপ নিয়ে গৃহযুদ্ধে রূপান্তরিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭০ হাজার মানুষ নিহত হয়েছে।