২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর আফ্রিকার জঙ্গিনেতা আবু জাইদ নিহত

আবু জাইদকে একিউআইএম এর সবচেয়ে নিষ্ঠুর জঙ্গিনেতা বলে বিবেচনা করা হয়। তিনি আলজেরিয়ার সাবেক মাদকচোরাকারবারী। পরবর্তী সময়ে তথাকথিত জেহাদি হিসেবে আবির্ভূত হন এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত হন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Mar 2013, 05:40 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উত্তর আফ্রিকার অন্যতম দুর্ধর্ষ নেতা আবদেল হামিদ আবু জাইদকে হত্যা করেছে ফরাসি বাহিনী।

মালির উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে তিনি নিহত হন বলে বৃহস্পতিবার আলজেরিয়ার এনাহার টেলিভিশন জানিয়েছে।

আলজেরীয় সীমান্তবর্তী আদরার দেস ইফোগাস পার্বত্যাঞ্চলে তিনদিন আগে পরিচালিত অভিযানে নিহত ৪০ জঙ্গির মধ্যে আবু জাইদও রয়েছেন বলে এনাহার জানিয়েছে।

আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের নির্মূলের ঘোষণা দিয়ে ফরাসি ও চাদের সেনাবাহিনী জঙ্গিদের খোঁজে মালির উত্তরাঞ্চলে অভিযান চালাচ্ছে।

তবে এ ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেসের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। পাশাপাশি আলজেরীয় সরকার এবং মালি ও চাদের কর্মকর্তারাও আবু জাইদের নিহতের বিষয়টি নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা আবু জাইদের নিহত হওয়ার বিষয়টিকে সত্য বলেই বিবেচনা করছেন এবং এটি আল কায়েদার ইসলামিক মাগরিব (একিউআইএম) এর জন্য একটি বড় আঘাত বলে তিনি মন্তব্য করেছেন।

একজন ফরাসি সেনা কর্মকর্তা আবু জাইদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত না করলেও তিগারগারা পার্বত্যাঞ্চলে তীব্র লড়াইয়ে ৪০ জঙ্গির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, অভিযানে ১২শ’ ফরাসি সেনা, চাদের ৮শ’ সেনা এবং মালির সেনাবাহিনীর কিছু সুবিধা নিয়ে এখনো দক্ষিণ তেসালিতের আদরার পার্বত্যাঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছে।

মালির উত্তরাঞ্চলের উল্লেখযোগ্য অঞ্চল আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর চলতি বছরের ১১ জানুয়ারি ফরাসি সেনাবাহিনী দেশটিতে অভিযান শুরু করে ওই অঞ্চল থেকে জঙ্গিদের হঠিয়ে দেয়।

আবু জাইদকে একিউআইএম এর সবচেয়ে নিষ্ঠুর জঙ্গিনেতা বলে বিবেচনা করা হয়। তিনি আলজেরিয়ার সাবেক মাদকচোরাকারবারী। পরবর্তী সময়ে তথাকথিত জেহাদি হিসেবে আবির্ভূত হন এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত হন।

ধারণা করা হয় আবু জাইদের পরিকল্পনায় গত পাঁচবছরে সাহারা অঞ্চলে ২০ জনেরও বেশি পশ্চিমা নাগরিক অপহৃত হন। ওইসব নাগরিকদের জিম্মি করে জাইদ লাখ লাখ ডলার মুক্তিপণ আদায় করেন।

এছাড়াও ২০০৯ সালে ব্রিটিশ নাগরিক এডুইন ডেয়ার এবং ২০১০ সালে ৭৮ বছর বয়সী ফরাসি নাগরিক মিশেল জার্মানিউকে তিনিই হত্যা করেছেন।

১৯৬৫ সালে লিবীয় সীমান্তবর্তী আলজেরিয়ার ইলিজি প্রদেশের দেবদাব অঞ্চলে আবু জাইদ জন্মগ্রহণ করেন। তিনি সালাফিস্ট গোষ্ঠী জিএসপিসি’র হয়ে ১৯৯০ দশকের গৃহযুদ্ধে অংশ নেন। পরবর্তী সময়ে তিনি একিউআইএম গঠন করেন।