মিশরে নির্বাচন বয়কট করবে বিরোধীরা
মিশরে ভোট অবাধ ও সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় আসন্ন পার্লামেন্ট নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরোধীরা।
মিশরের প্রধান বিরোধীদলীয় জোট ‘দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’(এনএসএফ)পার্লামেন্ট নির্বাচন বয়কট করবে বলে জানিয়েছেন মুখপাত্র সামেহ আসৌর।
নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আগামী ২২ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণার পর এনএসএফ এ সিদ্ধান্ত জানাল।
নির্বাচনী আইন মুরসির দল মুসলিম ব্রাদারহুডের অনুকূল এবং সেকারণে নির্বাচনের ফলও ইসলামপন্থিদের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছে এনএসএফ।
ফলে আইন করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না করা পর্যন্ত পার্লামেন্টের নিম্নকক্ষের কোনো নির্বাচন অনুষ্ঠান এনএসএফ মানবে না বলে জানিয়েছে।
এনএসএফ এর মুখপাত্র সামেহ বলেছেন, “সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার নিশ্চয়তা দিয়ে আইন প্রনয়ন এবং তা বাস্তবায়নে জনগণের কাছে আস্থাশীল একটি সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।”
মুরসি এর আগে ২৭ এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার পর তা পরিবর্তন করে তারিখ ৫ দিন এগিয়ে আনেন।
নতুন সময়সূচি অনুযায়ী, মিশরে পার্লামেন্ট নির্বাচন ২২ এপ্রিল শুরু হবে এবং রাজধানী কায়রো ও দেশের ৫ টি প্রদেশে তা অনুষ্ঠিত হবে ৪ টি পর্যায়ে ভিন্ন ভিন্ন তারিখে।
কিন্তু বিরোধী নেতাদের জাতীয় ঐকমত্যের দাবির মুখে এবং সমাজের বিভাজন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার মধ্যে জাতীয় মতৈক্য হওয়ার আগেই মুরসির নির্বাচন অনুষ্ঠানেরে এ পদক্ষেপে সঙ্কট আরো বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
