‘ব্যবস্থা না নিলে লাশ সমাহিত করবে না শিয়ারা’
পাকিস্তানের মুসলিম শিয়া সম্প্রদায় সোমবার বিক্ষোভ করেছে। তারা কট্টরপন্থী মুসলিম সুন্নি গোষ্ঠীর হামলা থেকে রক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর কাছে দাবি জানিয়েছে। এর পাশাপাশি যতক্ষণ না নিরাপত্তা বাহিনী এই হামলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত মৃতদেহ সমাহিত করা হবে না বলেও জানিয়েছে বিক্ষোভকারী শিয়ারা।
পাকিস্তানের কোয়েটায় শনিবারের বোমা হামলায় ৮৫ জন মানুষের প্রাণহানি ঘটে। এর মধ্যদিয়ে দেশটিতে নির্বাচনের কয়েক মাস আগে জঙ্গিহামলা বন্ধে সরকারের ব্যর্থতাই ফুটে উঠল।
দেশটিতে তালেবান এবং আল কায়েদা ব্যাপকভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারওপর সুন্নি চরমপন্থী জঙ্গিরা যারা শিয়াদের অমুসলিম বলে দাবি করে তারাও দেশটির নিরাপত্তার জন্য ক্রমশ হুমকি হয়ে উঠছে।
যতক্ষণ না লস্কর-ই-জাঙ্গভি (এলইজে) গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কোনো ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত কোয়েটায় শিয়া হাজরা গোত্রের মানুষজন নিহতদের সমাহিত করবে না বলে ঘোষণা দিয়েছে।
কোয়েটার এই হামলার জন্য এলইজে গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।
প্রায় ৪ হাজার বিক্ষোভকারী নারীপুরুষ ও শিশু নিহত ৭১ জনের লাশ একজায়গায় এনে রেখেছে। কিন্তু তারা তাদের দাফন করছে না। ইসলাম ধর্মানুসারে মৃতকে যতদ্রুত সম্ভব কবরস্থ করা উচিৎ। এর মধ্যদিয়ে মৃতের জাগতিক যন্ত্রণার উপশম হয়।
বিক্ষোভকারীরা ‘শিয়াদের হত্যা করা বন্ধ কর’ স্লোগানে স্লোগানে লাশগুলোকে আগলে রেখেছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত লাশগুলোকে সমাহিত করা হবে না বলে তারা ঘোষণা দিয়েছে।
এরআগে এই হামলার প্রতিবাদে রোববার দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ করে শিয়ারা। তারও আগে শনিবারেও রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছে শিয়া হাজারা সদস্যরা। তারা পাথর ছুঁড়ে প্রতিবাদ জানায় এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।
দারিদ্র্য, দুর্নীতি এবং বিদ্যুৎ বিভ্রাট সামাল দিতে সরকারের ব্যর্থতা নিয়ে ইতোমধ্যেই জনমনে পুঞ্জীভূত ক্ষোভ হামলার ঘটনায় আরো বাড়ছে।
স্থানীয় এক নেতার উক্তি, “কে কি করছে, এ নাশকতার পেছনে কারা জড়িত সরকার সবই জানে। সরকার থামাতে চাইলে কেউ এমনকি একটি ছুরি নিয়েও মার্কেটে ঢুকতে পারত না।”
চাপের মুখে হামলার শিকার হওয়া শিয়া সম্প্রদায়কে রক্ষার সবরকম প্রচেষ্টা নেয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই জঙ্গভি কোয়েটায় শনিবারের বোমা হামলার দায় স্বীকার করেছে।
কোয়েটার কাছে শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার একটি বাজারে বোমা হামলায় নারী ও শিশুসহ ৮৫ জন নিহত ও অপর প্রায় ২০০ জন আহত হয়। ২০ জন গুরুতর আহত হওয়ার নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বোমা হামলা এতটা ভয়াবহ ছিল যে প্রতি মুহূর্তে মৃতের সংখ্যা বাড়তে থাকে এবং রোববার সকালে পাকিস্তানের হাসপাতাল সূত্রগুলো হতাহতের নতুন এ সংখ্যা জানায়।
পুলিশ সূত্রগুলো জানিয়েছে, হামলায় হতাহতদের প্রায় সবাই হাজারা শিয়া মুসলিম। ঘটনাস্থলে প্রচুর সংখ্যক স্কুল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল এবং সেখানে যত্রতত্র এখন শুধু স্কুলব্যাগ পড়ে আছে।
ট্রাক্টরের ট্রেইলারের মধ্যে রাখা একটি পানির ট্যাঙ্কিতে লুকিয়ে রাখা ৭০ থেকে ৮০ কেজি ভরের একটি বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কোয়াটার পুলিশ প্রধান মির জুবাই মেহমুদ।
কোয়েটা পুলিশের উপমহাপরিদর্শক ওয়াজির খান নাসির বলেন,“শিয়াদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।”
গত মাসে কোয়েটায় শিয়াদের লক্ষ্য করে চালানো অপর এক বোমা হামলায় প্রায় একশ’ মানুষ নিহত হয়েছিল ।ওই হামলার দায়ও স্বীকার করেছিল লস্কর ই জঙ্গভি।
গত বছর সন্ত্রাসী হামলায় পাকিস্তানে চারশ’র বেশি শিয়া নিহত হলেও এসব হামলার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পাকিস্তানি তালেবান ও আল কায়েদাকে দেশটির অভ্যন্তরীন নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করা হলেও লস্কর ই জঙ্গভি দিন দিন আরেকটি হুমকি হয়ে উঠছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
