শ্রীলঙ্কায় ঘরে ঢুকে সাংবাদিককে গুলি
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে নিজের বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন এক সাংবাদিক। তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শ্রীলঙ্কার সানডে লিডার পত্রিকার প্রতিবেদক ফরাজ শুকেতালির (৫২) ঘাড়ে গুলি লেগেছে। শুক্রবার সন্ধ্যায় তার ওপর এ হামলা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
আহতের এক সহকর্মী বলেন, অন্তত তিনজন বন্দুকধারী কলম্বোর নিকটবর্তী পর্যটন এলাকা মাউন্ট লাভিনিয়ায় ওই প্রতিবেদকের বাসভবনে ঢুকে এ হামলা চালায়।
সানডে লিডার পত্রিকার সম্পাদক শকুন্তলা পেরেরা বলেন, ফরাজের ঘাড়ে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে।
“চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
গত কয়েক মাস ধরে শুকেতালি দেশের জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছেন জানিয়ে সম্পাদক বলেন, “সাংবাদিকতার কারণেই তার ওপর এ হামলা হয়েছে বলে আমরা মনে করছি।”
তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল বলেও জানান তিনি।
শ্রীলঙ্কার পাশাপাশি যুক্তরাজ্যেরও নাগরিকত্ব রয়েছে শুকেতালির। তার ওপর এ হামলায় যুক্তরাজ্যের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।
এর আগে ২০০৯ সালে বন্দুকধারীর গুলিতে সানডে লিডার পত্রিকার তৎকালীন সম্পাদক লাসান্থা বিক্রমাতুঙ্গে নিহত হন।
