বিমান বিধ্বস্ত হয়ে গিনির সেনাপ্রধান নিহত
লাইবেরিয়ায় এক বিমান দুর্ঘটনায় প্রতিবেশী গিনির সেনাবাহিনী প্রধান নিহত হয়েছেন। সেনাপ্রধানের সঙ্গে গিনিয়ান সেনাবাহিনীর অপর পাঁচ শীর্ষ কর্মকর্তা ও বিমানের পাঁচ ক্রুও নিহত হয়েছেন।
সোমবার লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার কাছে জেনারেল সুলেমানি কেলেফা দিয়াল্লো ও অপর শীর্ষ কর্মকর্তাদের বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়।
লাইবেরিয়ার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে (মঙ্গলবার) যোগ দিতে তারা দেশটিতে এসেছিলেন।
মনরোভিয়া থেকে ৪০ কিলোমিটার দক্ষিণপূ্র্বে চার্লসভিল নামক এলাকার একটি পাম বাগানে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন লাইবেরিয়ার তথ্যমন্ত্রী। এতে বিমানটিতে থাকা ১১ জনের সবাই নিহত হন।
মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে লাইবেরিয়ার প্রেসিডেন্ট ইলেন জনসন সার্লিফ এর সিদ্ধান্ত অনুযায়ী “শোকাবহ বিমান দুর্ঘটনায়” নিহতদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
অনুষ্ঠান শেষে তিনি দুর্ঘটনা স্থলটি পরিদর্শন করেন।
গিনির প্রতিরক্ষামন্ত্রী আব্দুল কেবেলি কামারা এক বিবৃতিতে বলেছেন, “দুর্ঘটনায় গিনির সশস্ত্রবাহিনী প্রধান জেনারেল সুলেমানি কেলেফা দিয়াল্লোসহ গিনির প্রতিনিধি দলের ছয়জন কর্মকর্তা ও পাঁচজন ক্রু নিহত হয়েছেন।”
গিনির শক্তিশালী সেনাবাহিনী তৈরির মূল উদ্যোক্তদের মধ্যে জেনারেল দিয়াল্লো ছিলেন অন্যতম। তিনি দেশটির প্রেসিডেন্ট আলফা কোন্দের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।
