২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুম্ভমেলা শেষে ফেরার পথে পদদলিত হয়ে নিহত ৩৬

বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ভারতের মহা কুম্ভমেলায় অংগ্রহণ শেষে ফেরার সময় উত্তর প্রদেশের এলাহাবাদ রেলস্টেশনে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 04:50 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

আহত প্রায় ৩০ জনকে এলাহাবাদের স্বরূপ রানি হাসপাতাল ও রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও কি কারণে ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে এনডিটিভি। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে প্রথমে একটি ফুটওভারব্রীজের রেলিং ভাঙা থেকে ঘটনার সূত্রপাতের কথা বলা হলেও পরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের লাঠি চার্জের কথা বলা হয়েছে।

রোববার হিন্দু ধর্মীয় মতে ‘মৌনি অমাবস্যা’ হওয়ায় কয়েক কোটি মানুষ গঙ্গায় পুণ্যস্নানের জন্য কুম্ভমেলায় জড়ো হয়েছিল। মেলা শেষে ফেরার পথে লাখ লাখ মানুষ এসে এলাহাবাদ স্টেশনে জড়ো হয়।

স্টেশনটিতে তিল ধারণের জায়গা ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় একটি লাইনে প্রায় ৪ হাজার লোক দাঁড়ালে সেখানে বিশৃঙ্খলা শুরু হয়। বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করলে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এ সময় স্টেশনের ৫ ও ৬ নম্বার প্লাটফর্মের মাঝের ফুটওভারব্রীজে লোকজন হুড়োহুড়ি করে উঠতে গেলে ব্রীজের সিড়িতে পদদলনের ঘটনাটি ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

হাসাপাতালের বিছানায় শুয়ে আহত শীষ ভাদুরি জানান, “হঠাৎ আমার উপর প্রায় শ’খানেক লোকে এসে পড়ে। তাদের চাপে আমার দুই পা ভেঙে যায়।”

তিনি এখানো পা‘দুটি নড়াচড়া করতে পারছেন না বলে জানান।

ঘটনার জন্য ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করেছে কর্তৃপক্ষ।

উত্তর প্রদেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুভাষ চন্দ্র বলেছেন, “পুলিশ লাঠি চার্জ করেছে কিনা তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। এটা সত্য হতে পারে, তবে আমাদের কাছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। পুলিশের কোনো শীর্ষ কর্মকর্তাও এটি নিশ্চিত করতে পারেননি।”