তিউনিশিয়ায় বিভাজন বাড়ছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের হুমকি
তিউনিশিয়া সরকারে বিভাজন বাড়ছে।রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী হামাদি জেবালি নতুন প্রশাসন গঠন নিয়ে খোদ তার দলেই বিরোধিতা দেখা দেয়ার পর রোববার তার সরকার থেকে তিন মন্ত্রীকে প্রত্যাহার করে নিয়েছে প্রেসিডেন্ট মোনসেফ মারজুকির ধর্মরিপেক্ষ দল কংগ্রেস ফর দ্য রিপাবলিক পার্টি।
মন্ত্রিপরিষদে রদবদলের দাবি অনাদায়ে প্রেসিডেন্টের দল সরকার থেকে বেরিয়ে গেছে বলে জানানো হয়েছে খবরে। বিরোধী নেতা চোকরি বেলাইদ হত্যাকাণ্ড নিয়ে বিপাকে থাকা প্রধানমন্ত্রীর জন্য এটি আরেকটি ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
পার্টির কর্মকর্তা সমির বেন আমর বলেছেন, পররাষ্ট্র এবং বিচারমন্ত্রী পরিবর্তনের ব্যাপারে তাদের দীর্ঘদিনের দাবি মেনে নেয়নি সরকার। আর সেকারণেই সরকার থেকে তাদের বেরিয়ে যাওয়া।
মন্ত্রী প্রত্যাহার করা ছাড়াও প্রধানমন্ত্রীর নতুন সরকার গঠনের প্রস্তাবেরও সমালোচনা করেছে দলটি। তাছাড়া, খোদ ক্ষমতাসীন এন্নাহদা পার্টি এবং সরকারের শরিক অন্যান্য অনৈসলামিক দলও প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেছে, তাদের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা করা হয়নি।
আগামী সপ্তাহের মাঝামাঝি সময়েই নতুন টেকনোক্রেটিক সরকার গঠন করবেন জানিয়েছেন প্রধানমন্ত্রী হামাদি জেবালি। তার এ পরিকল্পনা ব্যর্থ হলে পদত্যাগ করার হুমকিও দিয়েছেন তিনি।
শনিবার সাংবাদিকদের তিনি বলেন, তার নতুন সরকারের সব মন্ত্রীই স্বতন্ত্র হবে।
তিনি আরো বলেন, “এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আমি সরকারপ্রধান হিসাবে দায়িত্ব পালন করব। আর তা না হলে আমি রিপাবলিক দলের প্রেসিডেন্টকে নতুন সরকার গঠনে আরেকজন প্রার্থী খুঁজে নিতে বলব।”
গত বুধবার রাজধানী তিউনিসে চোকরি বেলাইদ কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোর পর ঘাতকের গুলিতে নিহত হন।
বেলাইদ ছিলেন তিউনিশিয়ার মধ্যপন্থি ইসলামিক-নেতৃত্বাধীন সরকার বিরোধী পপুলার ফ্রন্ট পার্টির নেতৃস্থানীয় ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ।সরকারের স্পষ্টভাষী একজন সমালোচকও ছিলেন তিনি।
তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বাইরের রাস্তায় শুরু হয় বিক্ষোভ।দ্বিতীয় আরেকটি বিপ্লবের দাবিতে স্লোগান দেয় বিক্ষুব্ধরা।
উত্তপ্ত এ পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ-অস্থিরতা।বিভিন্নস্থানে ক্ষমতাসীন এন্নাহদা পার্টির কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
এ পরিস্থিতিতে জনগণকে শান্ত করতে জাতির উদ্দেশ্য এক টেলিভিশ ভাষণে জেবালি নতুন সরকার গঠনের ঘোষণা দেন।
