আফজাল গুরুর ফাঁসি: কাশ্মিরে কারফিউ বহাল
কাশ্মিরি নেতা আফজাল গুরুর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর রোববার দ্বিতীয় দিনের মতো ভারতের কাশ্মির উপত্যকায় কারফিউ অব্যাহত রাখা হয়েছে।
ভারতীয় পার্লামেন্টে হামলার দায়ে দোষি সব্যস্ত গুরুর মৃত্যুদণ্ড শনিবার দিল্লির তিহার জেলে কার্যকর করা হয়।
শনিবার রাতে জম্মু ও কাশ্মিরের নিরাপত্তা কর্মকর্তারা রাজ্যটির নিরাপত্তা পরিস্থিতি আবার পর্যালোচনা করে রোববারও কারফিউ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে এনডিটিভি।
আপাত শান্ত হয়ে থাকলেও গুরু ফাঁসি কার্যকর হওয়ায় রাজ্যজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। গুরুর ফাঁসি কার্যকর হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন প্রতিবাদের খবর পাওয়া গেছে।
রোববার সকালে কাশ্মিরের শ্রীনগর-বারামুল্লাহ মহাসড়ক ও এর আশপাশের গ্রামগুলো কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। এই সড়কের গাড়িগুলোর ভাঙা জানালা ও রাস্তায় বসানো ব্যরিকেডগুলো শনিবার এখানে প্রতিবাদ হয়েছে বলে সাক্ষ্য দেয়।
পূর্ব সতরর্কতা হিসেবে কাশ্মিরের ১০টি জেলার সবগুলোতে শনিবার সকাল থেকেই কারফিউ জারি করা হয়। কিছু এলাকার ক্যাবল টেলিভিশন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় নিরাপত্তা বাহিনী।
গুরু জন্মস্থান সোপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এলাকাটি প্রধান শহর শ্রীনগর থেকে ৩৫ কিলোমিটার দূরে।
এখানে বিচ্ছিন্ন কয়েকটি সহিংস প্রতিবাদে ৩৬ জন প্রতিবাদকারী ও ২৩ পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র মনোজ শিয়েরি।
২০০১ সালে প্রচুর অস্ত্রশস্ত্রে সজ্জিত পাঁচ জঙ্গি ভারতীয় পার্লামেন্টে হামলা চালায়। হামলায় ওই পাঁচ জঙ্গিসহ মোট ১৪ জন নিহত হয়।
ওই পাঁচ হামলাকারীকে অস্ত্র সরবরাহ করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে হামলার কয়েকদিনের মধ্যেই গুরুকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত তিহার জেলেই বন্দি ছিলেন তিনি।
২০০৪ সালে অভিযোগ প্রমাণিত হলে ফাঁসিতে তার মৃত্যুদণ্ডের আদেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত।
গুরুর মৃত্যুদণ্ড কার্যকর করা হলে কাশ্মির বিদ্রোহ নতুনভাবে জেগে উঠতে পারে বলে সতর্ক করেছিলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহসহ বেশ কয়েকজন কাশ্মিরি নেতা।
শনিবার এক টেলিভিশন ভাষণের মাধ্যমে কাশ্মিরিদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী আবদুল্লাহ।
গুরুর ফাঁসির রায় কার্যকর হওয়ায় পর প্রতিক্রিয়ায় স্বাধীনতাকামী বিদ্রোহী কাশ্মিরি নেতা হিলাল আহমেদ বলেন, “আফজাল গুরুর ফাঁসি দেওয়ার মাধ্যমে ভারত যুদ্ধ ঘোষণা করলো।”
