২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেরুদার দেহাবশেষ তোলার নির্দেশ

লাতিন কবি পাবলো নেরুদার মৃত্যুরহস্য উদ্ঘাটনে তার দেহাবশেষ তুলে পরীক্ষার নির্দেশ দিয়েছেন দেশটির একজন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 10:01 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

তবে কবে তার দেহাবশেষ সমাধি থেকে তোলা হবে এ ব্যাপারে কোনো তারিখ এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি বলে বিবিসি জানায়।

নেরুদাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে অভিযোগে ২০১১ সালে চিলি সরকার তদন্ত শুরু করে।

মৃত্যুর পর নেরুদাকে চিলির রাজধানী সান্তিয়াগোর ৭০ মাইল পশ্চিমে তার স্ত্রীর সমাধির পাশেই শায়িত করা হয়।

লাতিন কবি পাবলো নেরুদাকে বিষ প্রয়োগ করা হয়েছিলো বলে সন্দেহ করছে চিলির কমিউনিস্ট পার্টি। আর এ লক্ষ্যে কবর থেকে নেরুদার দেহাবশেষ তুলে পরীক্ষার অনুরোধ জানায় তারা।

সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী পাবলো নেরুদা ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর চিলির রাজধানী সান্তিয়াগোতে মারা যান।

তার মৃত্যুর ১২ দিন আগে এক রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে সরিয়ে চিলির ক্ষমতা দখল করেন জেনারেল আগুস্তো পিনোশে।

আলেন্দের মৃত্যু নিয়েও নানা জল্পনা-কল্পনা ছিল। কিন্তু ২০১১ সালের ডিসেম্বরে আলেন্দের দেহাবশেষ পরীক্ষা করে তিনি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করা হয়েছে।

কিন্তু এরআগে পর্যন্ত তাকে সেনা অভ্যুত্থানে রাষ্ট্রপতির বাসভবনে গুলি করে হত্যা করা হয় বলে ধারণা করা হয়েছিল।

আলেন্দে ও নেরুদা পরস্পরের বন্ধু ছিলেন। মৃত্যুসনদ অনুযায়ী প্রোস্টেট ক্যান্সারের কারণে নেরুদার মৃত্যু হয়েছে। কিন্তু তার সাবেক গাড়ি চালক অভিযোগ করেন, বিষাক্ত ইঞ্জেকশন দেওয়ায় হার্ট অ্যাটাকে মারা গেছেন এই কবি।

গত নভেম্বরে নেরুদার ব্যক্তিগত সহকারী ও গাড়ি চালক ম্যানুয়েল আর‌্যাইয়া তদন্তকারী বিচারক মারিও কারোজাকে জানিয়েছিলেন, মৃত্যুর কয়েকঘণ্টা আগেও নেরুদা স্বাভাবিকভাবে হাঁটাচলা করছিলেন ও কথা বলছিলেন।

আর‌্যইয়া অভিযোগ করেছেন, জেনারেল আগুস্তো পিনোশের নির্দেশে গোয়েন্দারা হাসপাতালে নেরুদার শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করেছিলো।

নেরুদার মৃত্যুর কারণ হিসেবে অন্য কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি দাবি করে মে মাসে পাবলো নেরুদা ফাউন্ডেশন জানিয়েছিলো, ক্যান্সারেই তার মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী প্রবল জনপ্রিয় কবি পাবলো নেরুদা আজীবন চিলির কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। তিনি একজন আইনজীবী ও একজন সফল কূটনীতিকও ছিলেন।

বিশ্বসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান গণমানুষের কবি বলে খ্যাত পাবলো নেরুদা।