২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খামেনিকে অগ্রাহ্য করলেন আহমাদিনেজাদ

প্রকাশ্যে বিতর্কে জড়িয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সতর্কতা অগ্রাহ্য করেছেন দেশটির কট্টরপন্থী প্রেসিডেন্টে মাহমুদ আহমাদিনেজাদ। ইসলামি বিপ্লবের পর ইরানে এ ধরনের ঘটনা এবারই প্রথম ঘটল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Feb 2013, 09:30 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

চলতি বছরের জুনে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানের রাজনৈতিক অস্থিরতার জেরে ২০১২ সালের অক্টোবরের শেষ দিকে ওই সতর্কতা জারি করেছিলেন খামেনি।

খামেনি বলেছিলেন, রাষ্ট্রীয় তিনটি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের কেউ প্রকাশ্যে বিতর্কে জড়ালে রাষ্ট্রদ্রোহের অপরাধে অভিযুক্ত হতে পারেন।

ক্ষমতার দ্বিতীয় মেয়াদের শেষ পর্যায়ে এসে চলতি মাসে মজলিশে শুরার (পার্লামেন্ট) স্পিকার সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়ে আহমাদিনেজাদ ওই সতর্কতা উপেক্ষা করেছেন।

দিনটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে এক অভূতপূর্ব দিন। আহমাদিনেজাদের পূর্ববর্তী দুই প্রেসিডেন্টের মেয়াদে এমন ঘটনা কখনো ঘটেনি।

গত রোববার ইরানের রাষ্ট্রীয় বেতারে প্রচারিত শুরার অধিবেশন চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়েন দেশটির প্রেসিডেন্ট ও স্পিকার। একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি অপমানসূচক কথাবার্তা চালিয়ে যান তারা। শুরার হতচকিত আইনপ্রণেতারা চিৎকার করে আপত্তি জানালেও থামেননি তারা।

তর্কাতর্কি চরমে ওঠে যখন আহমাদিনেজাদ একটি ভিডিও ছেড়ে দেখান স্পিকার লাজারিনির ভাই ফজল রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে আহমাদিনেজাদের এক মিত্রের কাছে প্রকাশ্যে ঘুষ চাইছে।

কিন্তু এই বিতর্কের মাধ্যমে আহমাদিনেজাদ ইরানে সর্বোচ্চ নেতা খামেনির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে স্টানফোর্ড বিশ্বাবিদ্যালয়ে ইরান গবেষণা কর্মসূচীর প্রধান আব্বাস মালিয়ান বলেন, “খামেনিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো নজিরবিহীন। এর জের দীর্ঘদিন ধরে চলবে। এতে প্রমাণ হলো একসময় খামেনির যে কর্তৃত্ব ছিল তা এখন আর নেই।”

“আহমাদিনেজাদ যেভাবে খামেনিকে অগ্রাহ্য করলেন আগের প্রেসিডেন্টদের কেউ এমন করেননি,” বলেন তিনি।