২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ৭০ তিব্বতি আটক

চীনা শাসনের বিরুদ্ধে তিব্বতিদের আগুনে আত্মহুতির বিরুদ্ধে চালানো অভিযানে উত্তরপশ্চিমাঞ্চলীয় কিংগাই প্রদেশে ৭০ জনকে আটক করেছে চীন কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Feb 2013, 05:08 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এদের মধ্যে ১২ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।বাদবাকীদের বেশিরভাগেরই চলাফেরার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

কিংগাই পুলিশের ডেপুটি কমিশনার লু ব্যানকিয়ানের বরাত দিয়ে সিনহুয়া জানায়, “যারা নিরাপরাধ মানুষকে আত্মহুতিতে উদ্ভুদ্ধ করছে পুলিশ তাদের বিষয়ে তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেবে।”

জাতিগত তিব্বত অঞ্চলে ২০০৯ সাল থেকে কেন্দ্রিয় সরকারের শাসনের বিরু্দ্ধে প্রতিবাদকারী প্রায় একশ’ তিব্বতি নিজেদেহে আগুন দিয়েছে। এতে অধিকাংশ বিক্ষোভকারেই মারা গেছে।

গত কয়েক মাসে সরকার বিক্ষোভ দমাতে নতুন কৌশল অবলম্বন করে। তারা আত্মহুতিমূলক বিক্ষোভে উৎসাহ দেয়া ব্যক্তিদের আটক করাসহ জেলে ভরছে।

আত্মহুতিতে উৎসাহ দেওয়ার জন্য তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাইলামা ও দেশের বাইরের তিব্বতি গ্রুপগুলোকে বার বার দোষারোপ করে আসছে চীন।

লু বলেন, দালাইলামার দলই আত্মহুতিতে উৎসাহ দেওয়ার মূল হোতা।

“উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী কিছু ব্যক্তি এ ধরনের আত্মহুতিতে সহমর্মিতা দেখায় এবং তাদের পথ অনুসরণ করে।”

নোবেল বিজয়ী দালাইলামা ১৯৫৯ সালে চীন সরকারের বিরুদ্ধে একটি ব্যর্থ আন্দোলনের পর থেকে নির্বাসনে আছেন।চীন সরকার তাকে একজন সহিংস বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে।

তবে দালাইলামা বলছেন, তিনি ওই অঞ্চলের স্বায়ত্বশাসনের জন্য কাজ করছেন।কর্মীদের আত্মহুতি দিতে উৎসাহ দেওয়ার কথা অস্বীকার করেছেন দালাইলামা।