২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালির জঙ্গিঘাঁটিতে ফরাসি বিমান হামলা

তেসালিত টাউনটির অবস্থান মালির উত্তরাঞ্চলীয় প্রধান শহর কিদাল থেকে প্রায় দুইশ কিলোমিটার উত্তরে। এই টাউনটি মালির উত্তর সীমান্তের আদরার দেস ইফোগাস পর্বতমালার প্রবেশপথ। এই পার্বত্য এলাকাটিতেই মালির জঙ্গিদের প্রধানঘাঁটি বলে জানা গেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Feb 2013, 08:34 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মালির উত্তরাঞ্চলীয় মরুভূমিতে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের ঘাঁটিতে রোববার ফরাসি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। মালিতে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সফরের একদিন পর এ হামলা চালানো হলো।

ফরাসি সেনা সূত্রগুলো এ খবর জানিয়েছে।

ফরাসি সেনাবাহিনীর মুখপাত্র থিয়েরি বুখার্ড জানিয়েছেন, বিদ্রোহী জঙ্গিদের কৌশলগত ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে রাতের ওই হামলাটি চালানো হয়েছে।

জায়গাটি আলজেরিয়া সীমান্তের কাছে মালির তেসালিত টাউনের কাছে বলে জানিয়েছেন তিনি।

হামলাটিকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন বুখার্ড।

তেসালিত টাউনটির অবস্থান মালির উত্তরাঞ্চলীয় প্রধান শহর কিদাল থেকে প্রায় দুইশ কিলোমিটার উত্তরে। এই টাউনটি মালির উত্তর সীমান্তের আদরার দেস ইফোগাস পর্বতমালার প্রবেশপথ। এই পার্বত্য এলাকাটিতেই মালির জঙ্গিদের প্রধানঘাঁটি বলে জানা গেছে।

জঙ্গিরা এই পার্বত্য এলাকায় গত কয়েক বছরে অপহৃত সাত ফরাসি নাগরিককে পণবন্দি করে রেখেছে বলে জানিয়েছে ফ্রান্স।

এদিকে শনিবার কিদালের পার্শ্ববর্তী এলাকায় জঙ্গিগোষ্ঠী আনসার দ্বিনের সদস্যদের সঙ্গে ফরাসি ও চাদের সেনাদের সংঘর্ষ হয়েছে বলে মালির সেনা সূত্রগুলো জানিয়েছে।

দশমাস ধরে মালির উত্তরাঞ্চল দখল করে রাখা জঙ্গিদের কবল থেকে এলাকগুলো মুক্ত করার জন্য দেশটিতে সাড়ে তিনহাজার সেনা মোতায়েন করেছে ফ্রান্স। পাশাপাশি সাঁজোয়া যান ও জঙ্গিবিমানও মোতায়েন করেছে।

‘বনবিড়াল’ নামের মাত্র তিন সপ্তাহের অভিযানে জঙ্গিদের উত্তরের শহরগুলো থেকে বিতারিত করে সীমান্তের পার্বত্য অঞ্চলে হটিয়ে দিয়েছে ফরাসি ও মালির সম্মিলিত বাহিনী।