সিরিয়া হুমকি মোকাবেলার ক্ষমতা রাখে: আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রোববার দামেস্কের বাইরে সামরিক গবেষণা কেন্দ্রে গত সপ্তাহের ইসরায়েলি বিমান হামলা নিয়ে অভিযোগ করে বলেছেন, ‘সাম্প্রতিক এসব হুমকি এবং… আগ্রাসন’ মোকাবেলার ক্ষমতা রাখে তার দেশ।
ইসরায়েল এ ধরনের হামলার মধ্য দিয়ে সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সিরিয়ার রাজধানীতে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সাঈদ জলিলির সঙ্গে এক বৈঠকে আসাদ এ মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সানা বার্তা সংস্থা।
গত বুধবার সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার পর আসাদ এই প্রথম ঘটনাটির ব্যাপারে তার প্রতিক্রিয়া জানালেন।
ওদিকে, জলিলির উদ্ধৃতি তুলে ধরে সানা বার্তা সংস্থা জানিয়েছে, তিনি (জলিলি) ইহুদি আগ্রাসনের মুখে থাকা সিরিয়ার জনগণের প্রতি নতুন করে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং কোনোরকম ষড়যন্ত্র এবং বিদেশি পরিকল্পনা রুখে দাঁড়াতে সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে।
ইরানের ঘনিষ্ঠ মিত্রদেশ সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ তার বিরুদ্ধে ২২ মাসব্যাপী আন্দোলন সংগ্রাম ঠেকাতে লড়ছেন।এ লড়াই-সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৬০ হাজার মানুষ।
সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীরা ইসলামপন্থি সন্ত্রাসী এবং তারা তুরস্ক ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সুন্নি মুসলিমদের কাছ থেকে অস্ত্রসহ তহবিল সহায়তা পাচ্ছে বলে মন্তব্য করেছেন আসাদ।
প্রতিবেশী দেশ ইসরায়েলের আশঙ্কা, সিরিয়ায় গোলযোগের সুযোগে সেখানকার রাসায়নিক ও অত্যাধুনিক অস্ত্র হিজবুল্লাহ গেরিলাসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে চলে যেতে পারে।আর তাই তা ঠেকাতে সিরিয়ায় হস্তক্ষেপ করা বাঞ্ছনীয় বলেই মনে করে ইসরায়েল।
পশ্চিমা কূটনীতিকসহ সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীরা এবং বিভিন্ন নিরাপত্তা সূত্র বলছে, ইসরায়েল গত বুধবার লেবানন সীমান্তের কাছে একটি গাড়িবহরে হামলা করে। হিজবুল্লাহর কাছে পাঠানো অস্ত্রবাহী ট্রাকে এ হামলা হয়।
কিন্তু সিরিয়া সরকার বলছে, হামলার লক্ষ্য ছিল দামেস্কের উত্তরপশ্চিমে একটি সামরিক গবেষণা কেন্দ্র।
