চীনা হ্যাকারদের খপ্পরে নিউ ইয়র্ক টাইমস
চীনের হ্যাকারদের হ্যাকিং এর শিকার হয়েছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার কম্পিউটার সিস্টেম।চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের পরিবারের শ’ শ’ কোটি ডলারের সম্পদের পাহাড় গড়া নিয়ে প্রতিবেদনের জেরেই এ আক্রমণ চলেছে বলে ধারণা পত্রিকাটির।
চীনের হ্যাকরা গত ৪ মাস ধরে অবিরাম নিউ ইয়র্ক টাইমস এর কম্পিউটারে ‘অনুপ্রবেশ’ করেছে বলে জানিয়েছে পাত্রিকাটি।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের পরিবার শ শ কোটি ডলারের সম্পদের পাহাড় গড়েছে এমন দাবি করে প্রতিবেদন তৈরির সমসাময়িক সময়েই এ হ্যাকিং এর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
পত্রিকাটি আরো জানায়, হ্যাকাররা যে পদ্ধতিতে আক্রমণ চালিয়েছে তা অনেকটা চীনের সামরিক বাহিনীর ব্যবহৃত পদ্ধতি সদৃশ এবং এর লক্ষ্য ছিল প্রতিবেদকের ইমেইল এ ঢোকা।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।কোনো অকাট্য প্রমাণ ছাড়া চীনের বিরুদ্ধে এরকম হ্যাকিং চালানোর অভিযোগ একেবারেই দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই।
চীনও হ্যাকিং এর শিকার হয়েছে এবং চীনা আইনে এ ধরনের আক্রমণ চালানো নিষিদ্ধ বলেও জানান তিনি।
নিউ ইয়র্ক টাইমস এর ভাষ্য, হ্যাকাররা সেপ্টেম্বরে প্রথম কম্পিউটার সিস্টেম ভাঙতে সক্ষম হয় যখন প্রধানমন্ত্রী ওয়েন এর ওপর লিখিত প্রতিবেদনটি ছিল প্রায় শেষের পথে।
এতে বলা হয়েছিল ওয়েনের আত্মীয়রা নানা ব্যাবসায়িক চুক্তির মধ্য দিয়ে ২৭০ কোটি ডলারের সম্পদের পাহাড় গড়েছে।
প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে চীন সরকার। চীন বরাবরই তাদের নেতাদের নিয়ে বিশেষত, তাদের সম্পদ নিয়ে কোনো প্রতিবেদনের ব্যাপারে প্রতিক্রিয়াশীল।
নিউ ইয়র্ক টাইমস জানায়, তাদের সাংহাই শাখার ব্যুরো প্রধান ডেভিড বারবোজার কম্পিউটার লক্ষ্য করেই প্রথমে হ্যাকিং করা হয়; যিনি ওই প্রতিবেদনটি লিখেছিলেন।
তাছাড়া, বারবোজার পূর্বসূরিদের মধ্যে জিম ইয়ার্ডলির কম্পিউটারও হ্যাকিং এর শিকার হয়।
