২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ১২০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি

সিরিয়ায় লড়াই-সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সহায়তায় ১২০ কোটি মার্কিন ডলারেরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কুয়েতের আন্তর্জাতিক দাতা সম্মেলনের নেতারা।জাতিসংঘ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বিবিসি’র খবরে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল সাবাহ সিরিয়ার জন্য ৩০ কোটি ডলারের সাহায্য ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন। একই অঙ্কের সাহায্যের প্রতিশ্রুতি দেয় সংযুক্ত আরব আমিরাতও (ইউএই)।

এছাড়া, সৌদি আরব সিরিয়ার জন্য ৩০ কোটি ডলারের সাহায্য ঘোষণা করে।যুক্তরাজ্যের পক্ষ থেকে ঘোষণা করা হয় ৫ কোটি পাউন্ড সাহায্য। বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা ২ কোটি ডলারের সাহায্য ঘোষণা করেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয় ১ কোটি ইউরো সাহায্যের প্রতিশ্রুতি দেয়।

একের পর এক এ সাহায্য ঘোষণার পর জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান মুখপাত্র মেলিসা ফ্লেমিং টুইটার বার্তায় লেখেন, “আজকের কুয়েত সম্মেলনে নজিরবিহীন সাফল্য এসেছে। সিরিয়ার জন্য এ পর্যন্ত পাওয়া অর্থসাহায্যের প্রতিশ্রুতি ১২০ কোটি ডলার ছাড়িয়ে গেছে!”

এ তহবিল আগামী ছয়মাসে সিরিয়ায় জাতিসংঘ ত্রাণ কর্মসূচিতে ব্যয় হবে।

সিরিয়ায় মানবিক সহায়তার জন্য মরিয়া হয়ে থাকা মানুষের ত্রাণ কার্যক্রমের জন্য ১৫০ কোটি ডলারের তহবিল প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার বিপুল অঙ্কের ওই তহবিলের প্রতিশ্রুতি পাওয়ার আগে জাতিসংঘ ত্রাণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র ১৮ শতাংশ জোগাড় করতে পেরেছিল।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার দাতা সম্মেলনে সিরিয়ার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য আরো অর্থনৈতিক সহায়তার আহ্বান জানান। একইসঙ্গে সিরিয়া যুদ্ধের বিভীষিকার নিন্দা জানিয়ে দেশটিতে সহিংসতা বন্ধেরও আহ্বান জানান তিনি।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ার ভেতরেই খাদ্য, বাসস্থান ও অন্যান্য মানবিক সাহায্যের অপেক্ষায় আছে প্রায় ৪০ লাখ মানুষ।আর ২২ মাসের সহিংসতায় সিরিয়া থেকে ৭ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়া ছাড়াও নিহত হয়েছে ৬০ হাজারের বেশি মানুষ।

সোমবার সিরিয়ায় সর্বশেষ নদীতীরে ৭১ টি লাশ উদ্ধারের ঘটনায় দেশটিতে যুদ্ধের বিভীষিকা নতুন করে সবার নজরে এসেছে।লাশগুলোর বেশিরভাই পেছনে হাত বাঁধা এবং মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এরই প্রতিক্রিয়ায় এক মন্তব্যে আরব লিগ-জাতিসংঘ শান্তি দূত লাখদার ব্রাহিমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, সিরিয়ার যুদ্ধ ‘নজিরবিহীন বিভীষিকার পর্যায়ে’ পৌঁছেছে।দেশটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে।আর ওই অঞ্চলের জন্য বয়ে আনছে মারাত্মক পরিণতি।

২০১২ সালের জুনে একটি আন্তর্জাতিক বৈঠকে গৃহীত শান্তি পরিকল্পনা অনুযায়ী সিরিয়া সঙ্কট সমাধানের চেষ্টা চালাচ্ছেন ব্রাহিমি।