সিরিয়া যুদ্ধের বিভীষিকার নিন্দায় জাতিসংঘ
সিরিয়া যুদ্ধে নৃশংসতা এবং বিভীষিকার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার দেশটিতে সহিংসতা বন্ধের ডাক দিয়েছেন। তাছাড়া, দিন দিন অবনতির দিকে যেতে থাকা বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় আরো সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘের মানবিক ত্রাণ কাজে আরো অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি আদায়ে কুয়েতে আন্তর্জাতিক দাতা সম্মেলনের এক ভাষণে বান বলেন, “বর্তমান অবস্থা চলতে থাকলে আরো কত মানুষ মারা পড়বে? আমি সব পক্ষকে বিশেষ করে সিরিয়া সরকারকে হত্যা বন্ধ করার আবেদন জানাচ্ছি।মানবতার খাতিরে হত্যা বন্ধ করুন, সহিংসতা থামান।”
সিরিয়ায় লড়াই-সহিংসতায় দুর্দশাগ্রস্ত লাখ লাখ মানুষের সহায়তায় আরো অর্থ সাহায্য প্রয়োজন বলেও দাতাদেরকে জানান বান।তার সাহায্যের আহ্বানে ক্ষতিগ্রস্ত সরীয়দের জন্য ৬০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কুয়েত এবং ইউনাইটেড আরব আমিরাত(ইউএই)।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ার ভেতরেই খাদ্য, বাসস্থান ও অন্যান্য মানবিক সাহায্যের অপেক্ষায় আছে প্রায় ৪০ লাখ মানুষ।আর ২২ মাসের সহিংসতায় সিরিয়া থেকে ৭ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়া ছাড়াও নিহত হয়েছে ৬০ হাজারের বেশি মানুষ।
সোমবার সিরিয়ায় সর্বশেষ নদীতীরে ৭১ টি লাশ উদ্ধারের ঘটনায় দেশটিতে যুদ্ধের বিভীষিকা নতুন করে সবার নজরে এসেছে।লাশগুলোর বেশিরভাই পেছনে হাত বাঁধা এবং মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
এরই প্রতিক্রিয়ায় এক মন্তব্যে আরব লিগ-জাতিসংঘ শান্তি দূত লাখদার ব্রাহিমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, সিরিয়ার যুদ্ধ ‘নজিরবিহীন বিভীষিকার পর্যায়ে’ পৌঁছেছে।দেশটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে।আর ওই অঞ্চলের জন্য বয়ে আনছে মারাত্মক পরিণতি।
২০১২ সালের জুনে একটি আন্তর্জাতিক বৈঠকে গৃহীত শান্তি পরিকল্পনা অনুযায়ী সিরিয়া সঙ্কট সমাধানের চেষ্টা চালাচ্ছেন ব্রাহিমি।
কূটনীতিকরা জানিয়েছেন, ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে তিনি বলেন,“ বিভীষিকা নজিরবিহীন পর্যায় চলে এসেছে। এই মর্মন্তিক পরিস্থিতির শেষ নেই।প্রত্যেকের চোখের সামনে দেশটি ভেঙে যাচ্ছে। একমাত্র আন্তর্জাতিক সম্প্রদাই পারে সহায়ক ব্যবস্থা নিতে। এক্ষেত্রে প্রথম এবং সর্বাগ্রে এগিয়ে আসতে পারে নিরাপত্তা পরিষদ।”
নিরাপত্তা পরিষদে এ বক্তব্যর পর সাংবাদিকদের ব্রাহিমি বলেন, “সিরিয়া সরকার ও বিরোধীপক্ষ নিজেরা নিজেরাই সিরিয়াকে একটু একটু করে ধ্বংস করছে। ওই অঞ্চলকে চরম খারাপ পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে।”
“আর তাই আমি মনে করি নিরাপত্তা পরিষদ মতপার্থক্যের দোহাই দিয়ে কেবল ভাল সময়ের জন্য অপেক্ষা করার কথা বলে যেতে পারে না।তাদের এখন এ সমস্যা সমাধানে এক হয়ে এগিয়ে আসতে হবে।”
সিরিয়া নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুরু থেকেই বিভিক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য পশ্চিমা দেশ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাসের জন্য নিরাপত্তা পরিষদকে চাপ দিচ্ছে।
কিন্তু চীন ও রাশিয়া তিন তিন বার এধরনের প্রস্তাবে ভোটে দিয়েছে।আসাদের পদত্যাগের আহ্বানও তারা প্রত্যাখ্যান করে আসছে।
