২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্দখলকৃত শহরের নিরাপত্তা জোরদার করেছে মালি

মাত্র ১৮ দিনের অভিযানে জঙ্গি দখলকৃত মালির উত্তরাঞ্চলীয় দুটি শহর পুনর্দখল করে জঙ্গিদের আরো উত্তরের মরুভূমি ও পার্বত্য এলাকার গোপন আস্তানার দিকে ঠেলে দিয়েছে ফরাসি ও মালির সম্মিলিত বাহিনী।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Jan 2013, 07:52 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

পশ্চিম আফ্রিকা ও ইউরোপে জঙ্গি হামলা চালানোর শক্তিশালী ঘাঁটি হয়ে উঠতে পারে মালির উত্তরাঞ্চলের শহরগুলো, এমন আশঙ্কায় মালির সরকারী বাহিনীর সঙ্গে লড়াইরত জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে ফরাসি বাহিনী।

ফরাসি ও মালি সম্মিলিত বাহিনী প্রায় কোনো বাধা ছাড়াই জঙ্গি অধিকৃত সাহারা মরুভূমির দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর টিম্বাকটু ও গাও পুনর্দখল করে।

পুনর্দখল করার পর জঙ্গিদের খোঁজে মালির সেনারা টিম্বাকটু ও গাওয়ের সরু গলি ও মাটির তৈরি বাড়িগুলোতে চিরুণি অভিযান চালায়। গাও থেকে তারা অন্তত পাঁচজন সন্দেহভাজন বিদ্রোহী ও সমর্থককে আটক করেছে।

স্থানীয় অধিবাসীদের সহায়তায় তারা জঙ্গিদের গোপন অস্ত্রভাণ্ডার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও জাল মুদ্রা উদ্ধার করেছে। শহরদুটির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

মালির সেনাসূত্রগুলো জানিয়েছে, টিম্বাকটু ও গাও এর সংযোগকারী সড়কের আশপাশের তৃণভূমি ও মরুভূমিতে জঙ্গিরা এখানো লুকিয়ে অবস্থান নিয়ে আছে। ফরাসি বিমান হামলা এড়াতে পায়ে হেঁটে চলাফেরা করছে তারা।

এ কারণে ওই প্রধান সড়কটির কয়েকটি অরক্ষিত এলাকা এখনো অনিরাপদ রয়ে গেছে।

২০১২ সালে এক সেনা অভ্যুত্থানের পরপরই দেশটির উত্তরাঞ্চল ইসলামি উগ্রপন্থীদের দখলে চলে যায়। তারপর থেকে একের পর এলাকা দখল করে নিতে থাকে জঙ্গিরা। জঙ্গিদের এ অগ্রযাত্রা মালির রাজধানী বামাকোর জন্য হুমকি হয়ে দাঁড়ালে মালি সরকারের অনুরোধে হস্তক্ষেপ করে ফ্রান্স।

ফ্রান্সের প্রায় ৩ হাজার সেনা মালিতে মোতায়েন করা হয়েছে।

আগামী কয়েদিনের মধ্যেই আল কায়েদার সঙ্গে সম্পর্কিত এসব জঙ্গিদের বিরুদ্ধে অভিযানরত ফরাসি ও মালির বাহিনীর সঙ্গে যোগ দিতে ৮ হাজারেরও বেশি পশ্চিম আফ্রিকান সেনা প্রস্তুতি নিচ্ছে।