টিম্বাকটু পুনর্দখল করেছে ফরাসি নেতৃত্বাধীন বাহিনী
বিশ্ব ঐতিহ্যের অংশ মালির জঙ্গি অধিকৃত টিম্বাকটু শহর পুনর্দখল করেছে ফরাসি ও মালির যৌথ বাহিনী। গত বছর থেকে মালির উত্তরের সমৃদ্ধ ইসলামি ঐতিহ্যের এই শহরটি দখল করে রেখেছিল জেহাদি জোটের জঙ্গিরা।
রোববার টিম্বাকটুর বিমানবন্দর এলাকার দখল নেওয়ার পর সোমবার শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে ফরাসি নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
যৌথ বাহিনী প্রবেশের আগেই শহরটি ছেড়ে চলে যায় বিদ্রোহী জঙ্গিরা। তবে এর আগে সাহারা মরুভূমির প্রাচীন এই বাণিজ্যিক শহরটির বেশ কয়েকটি ভবন আগুনে পুড়িয়ে দেয় তারা। পুড়িয়ে দেওয়া ভবনগুলোর মধ্যে প্রাচীন পাণ্ডুলিপি সমৃদ্ধ একটি পাঠাগারও রয়েছে।
মালির উত্তরাঞ্চল দখল করে রাখা এই জঙ্গিরা পশ্চিম আফ্রিকা থেকে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক স্থাপনায় হামলা চালাতে পারে এই আশঙ্কায় ফরাসি নেতৃত্বাধীন এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সমর্থন দিয়ে যাচ্ছে।
শনিবার দ্রুত গতির এক অভিযানে ফরাসি নেতৃত্বাধীন বাহিনী মালির উত্তরাঞ্চলের আর একটি গুরুত্বপূণ শহর গাও দখল করে নেয়। গত বছর থেকে এই শহরটিও দখল করে রেখেছিল জঙ্গিরা।
গাও দখলের পর যৌথ বাহিনীর জন্য টিম্বাকটু দখলের পথ খুলে যায়। দুই দিনের মধ্যেই টিম্বাকটুও তাদের দখলে এল।
দুই সপ্তাহ আগে মালি সরকারের অনুরোধে সাহার মরুভূমির সাহেল এলাকার এই সাবেক উপনিবেশে অভিযানে নামে ফরাসি বাহিনী। এই সময়ের মধ্যেই অধিকৃত শহরগুলো থেকে জঙ্গিদের তাড়িয়ে উত্তরের মরুভূমি ও পর্বতগুলোতে ঠেলে দিয়েছে মালি ও ফরাসিদের সম্মিলিত বাহিনী।
রোববার কোনো গোলাগুলি ছাড়াই এক হাজার ফরাসি ও ২শ’ মালিয়ান সেনা টিম্বাকটুর বিমানবন্দর দখল করে নাইজার নদীর তীরের এই শহরটি ঘিরে ফেলে। জঙ্গিদের পালানোর পথ বন্ধ করার উদ্দেশ্য থাকলেও তারা শহর ছেড়ে আগেই পালিয়ে যায়।
গাও ও টিম্বাকটু, দুটি শহরেই উৎফুল্ল শহরবাসীরা মালি ও ফরাসি সেনাদের স্বাগত জানায়।
মালির উত্তরাঞ্চলে বিস্তৃত বিশাল মরুভূমির কিদাল নামের তৃতীয় একটি শহর এখনও জঙ্গিদের দখলে রয়ে গেছে।
তবে উত্তরাঞ্চলীয় এলাকার স্বায়ত্বশাসনের জন্য লড়াইরত মালির তুয়ারেগ বিদ্রোহীরা সোমবার দাবি করেছে, জঙ্গিরা ছেড়ে যাওয়ার পর শহরটির দখল নিয়েছে তারা।
মালির রাজধানী বামাকো থেকে এক কূটনীতিক তুয়ারেগ বিদ্রোহীদের এই দাবি সত্য বলে নিশ্চিত করেছেন।
টিম্বাকটুর সাংস্কৃতিক সম্পদ, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষার মানসে অভিযানরত বাহিনী শহরের ভিতরে যুদ্ধ এড়িয়ে গেছে বলে জানিয়েছেন এক ফরাসি সেনা মুখপাত্র।
কিন্তু টিম্বাকটুর মেয়র ওসমানি হ্যাল জানিয়েছেন, চারদিন আগেই জঙ্গিরা হাজার হাজার প্রাচীন পাণ্ডুলিপি সমৃদ্ধ নবনির্মিত আহমেদ বাবা ইনস্টিটিউট পাঠাগার পুড়িয়ে দিয়েছে।
বাবা ইনস্টিটিউটের এককর্মী আলি বাবা জানিয়েছেন, আগুনে ৩ হাজারেরও বেশি পাণ্ডুলিপি ধ্বংস হয়ে গেছে।
ক্ষুব্ধ আলি বাবা বলেন, “তারা ডাকাত। তারা অনেক পাণ্ডুলিপি পুড়িয়ে দিয়েছে আবার চুরি করে অনেকগুলো নিয়েও গেছে।”
প্রাচীন পাণ্ডুলিপি সমৃদ্ধ পাঠাগার পুড়িয়ে দেওয়ার খবরে প্যারিস থেকে ইউনেস্কোর মুখপাত্র রনি আমেলান উদ্বেগ প্রকাশ করে ঘটনাকে “ভয়াবহ” বলে বর্ণনা করেছেন। ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণের জন্য তারা অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তিনি।
