যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ
যুক্তরাষ্ট্রের ১ কোটি ১০ লাখ অবৈধ আভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন দেশটির রিপাবলিকান ও ডেমক্রেট সিনেট সদস্যদের একটি দল।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হিস্পানিক জনগোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাবেই সিনেট সদস্যরা এ পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে ধারণা বিশ্লেষকদের।
সোমবার এক সংবাদ সম্মেলনে সিনেট সদস্যরা দেশটির অবৈধ অভিবাসীদের বৈধ করার একটি পরিকল্পনা প্রকাশ করেন।
রিপাবলিকান ও ডেমক্রেট দলের চারজন করে মোট আটজন সিনেট সদস্য অবৈধ অভিবাসীদের বৈধ করার প্রস্তাবটি তৈরি করেছেন।
নতুন রাজনৈতিক বাস্তবতা, জনগণের মনোভাবের পরিবর্তন ইত্যাদি অবৈধ অভিবাসীদের প্রতি আইনপ্রণেতাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তনের কারণ বলে জানিয়েছেন তারা। তবে বিষয়টি খুব সহজ হবে না বলেও জানিয়েছেন তারা।
এই দলের অন্যতম সদস্য অ্যারিজোনার রিপাবলিকান দলীয় সিনেট সদস্য জন ম্যাককেইন বলেছেন, “রিপাবলিকান পার্টি আমাদের হিস্পানিক জনগোষ্ঠীর সমর্থন হারাচ্ছে।”
এই দলের অপর সদস্য ডেমক্রেট দলীয় সিনেটর চার্লস শুমার এ প্রসঙ্গে জনগণের মনোভাবের পরিবর্তন হয়েছে বলে জানান।
তিনি বলেন, “চার বছর আগে অভিবাসী প্রশ্নে জনতা ‘সীমান্ত রক্ষার’ ওপর বেশি জোর দিত। এখন তারা সীমান্ত রক্ষার পাশাপাশি অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানে নাগরিকত্ব দেওয়ার সুযোগসহ বিস্তৃত সমাধানের পক্ষে।”
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রিপাবলিকান ও ডেমক্রেটদের কোনো বিষয়ে একত্রে কাজ করার উদাহরণ বিরল। তাই তাদের এই যৌথ উদ্যোগ অভিবাসী বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে যথেষ্ট হবে বলেই ধারণা করা হচ্ছে।
এতে যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করা গোষ্ঠীগুলোও উদ্দীপিত হয়ে উঠেছে।
অবৈধ অভিবাসীদের অধিকার আন্দোলনকারী জিওর্জিনা স্যানচেজ বলেন, “রিপাবলিকানরা ডেমক্রেটদের সঙ্গে বৈঠকে বসায় আমরা আশাবাদী হয়ে উঠেছি। এটি আমাদের অনেক আশাবাদী করে তুলেছে।”
আইনপ্রণেতাদের সমর্থন আদায়ের উদ্দেশ্যে প্রস্তাবে অভিবাসন সংস্কারের পাশাপাশি নিরাপত্তা বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। যে সব বিদেশি স্বল্পমেয়াদি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, তাদের ভিসার মেয়াদ শেষে নিজ নিজ দেশে ফেরত যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
প্রস্তাবে কাগজপত্রহীন অভিবাসীদের জরিমানার বিনিময়ে সরকারি রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাথমিক বৈধতা দিয়ে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
এসব অভিবাসীই পরে যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তাবে কোনো অবৈধ তৎপরতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত না হলে নাগরিকত্বের জন্য অপেক্ষমাণ এসব মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দেশ থেকে বহিষ্কার বা হেনেস্থা করতে পারবে না ।
মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামা লাস ভেগাস সফরে গেলে এ প্রস্তাবটি চূড়ান্ত রূপ পাবে বলে মন করা হচ্ছে। সেখানে অভিবাসী বিষয়ে সিনেটরদের প্রস্তাবের মতোই একটি প্রস্তাব তারও পেশ করার কথা রয়েছে।
তবে ওবামা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ওবামা নতুন কোনো পরিকল্পনা পেশ করবেন না, এ বিষয়ে ২০১১ সালে প্রকাশ করা “নীলনকশা” প্রস্তাবই তুলে ধরবেন।
ওই প্রস্তাবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের জন্য “অর্জিত” পথের কথাই বলা হয়েছে। তবে সঙ্গে আরো কিছু বিষয় যোগ করা হবে বলে জানান তিনি।
