‘ইন্টারনেট জীবনের অপরিহার্য অংশ’
ইন্টারনেটে প্রবেশে বিঘ্ন ঘটলে সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ব্যবহারকারীদের ক্ষতিপূরণ চাওয়ার অধিকার আছে বলে রুল জারি করেছে জার্মানির একটি আদালত। রুলে ইন্টারনেটকে জীবনের ‘অপরিহার্য’ অংশ বলে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে জার্মানির কার্লসরুয়ের ফেডারল আদালত এই রুল জারি করে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের শেষ সময় থেকে ২০০৯ সালের প্রথমদিক পর্যন্ত দুই মাস অভিযোগকারী তার ইন্টারনেট ডিএসএল (টেলিফোন সংযোগ ব্যবহার করে ইন্টারনেট সেবা) সংযোগ ব্যবহার করতে পারেননি।
সেবাদানকারী প্রতিষ্ঠানটি ইন্টারনেট সংযোগের পাশাপাশি টেলিফোন ও ফ্যাক্সের সেবাও প্রদান করে।
অভিযোগকারী ইতোমধ্যে তারা মোবাইল ফোন ব্যবহার করার খরচের ক্ষতিপূরণ পেলেও ইন্টারনেট ব্যবহার করতে না পারার জন্যও ক্ষতিপূরণ দাবি করেছেন। জার্মানির আইনে অপরিহার্য জিনিসপত্র ব্যবহার করা না গেলে ব্যবহারকারীকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে।
জার্মানির এআরডি টেলিভিশনে ওই আদালতের এক মুখপাত্র বলেছেন, “ইন্টারনেটের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিতভাবে একজন মানুষের ব্যক্তিগত জীবনের ওপর প্রভাব ফেলতে পারে। ইন্টারনেট ব্যবহার করতে না পারা জনিত ক্ষতি গাড়ি ব্যবহার করতে না পারার ক্ষতির মতোই।”
