মুবারকবিরোধী আন্দোলনের দু’বছরেও উত্তপ্ত মিশর
সাবেক একনায়ক হোসনি মুবারকের পতন আন্দোলনের দু’বছর পূর্তিতেও বিক্ষোভ-সহিংসতার উত্তাপ কমেনি মিশরে।দু’বছর আগের সেই তাহরির স্কয়ারে শুক্রবারও সরকারবিরোধী বিক্ষোভ করেছে জনতা।পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।
মিশরে হোসনি মুবারককে ক্ষমতাচ্যূত করার দু’বছর পেরোলেও নজরে পড়ছে একই দৃশ্যপট। মুবারকের পতনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যে তাহরির স্কয়ারে বিক্ষোভে নেমেছিল অসংখ্য মানুষ সে আন্দোলনের দু’বছর পূর্তিতে শুক্রবার ওই একই জায়গা আবারো উত্তাল হয়েছে বিক্ষোভ-সহিংসতায়।
মিশরের ধর্মনিরপেক্ষ দলগুলো আগের আন্দোলনের দাবিগুলোই আবার সামনে নিয়ে এসেছে। বিক্ষোভ করেছে নির্বাচিত সরকারের বিরুদ্ধে। আর তা করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে তারা।
বিক্ষুব্ধ জনতা তাহরির স্কয়ারের কাছে একটি সরকারি দপ্তরের দিকে এগুনোর চেষ্টা নিলে পুলিশ তাদের বাধা দেয়ায় দেখা দেয় সহিংসতা। শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে হিমশিম খায় পুলিশ। কাঁদানে গ্যাসও থামাতে পারেনি জনতার ঢল। বিক্ষোভকারীরা ইট-পাটকেল এমনকি পেট্রোল বোমা ছুড়ে মারে পুলিশের দিকে।সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।
তাহরির স্কয়ারের চারপাশে বৃহস্পতিবার থেকে চলমান সহিংসতায় আহত মানুষের সংখ্যা অন্তত ২৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মিশরের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মুরসি আর তার দল ব্রাদারহুডের বিরুদ্ধে মিশরে বিক্ষোভ চলছে অনেকদিন ধরেই।
মুরসি দায়িত্ব নেয়ার পরপরই এক ডিক্রি জারি করে নিজের এবং দলের ক্ষমতা অনেক বাড়িয়ে নেয়ার পর গণতন্ত্রের ছদ্মাবরণে স্বৈরতন্ত্র কায়েমের অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভে নামে জনতা।উত্তপ্ত এ পরিস্থিতির মধ্যেই মুরসি সরকার নতুন সংবিধান চূড়ান্ত করার উদ্যোগ নিলে আন্দোলন আরো জোরদার হয়।
শুক্রবার মুবারক পতনের বর্ষপূর্তির দিন এক বিবৃতিতে শীর্ষস্থানীয় উদারপন্থী নেতা মোহামেদ এলবারাদি ‘বিপ্লব সম্পূর্ণ করার জন্য’ সবাইকে বিক্ষোভে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। মিশরের সব জায়গায় গিয়ে বিপ্লব সম্পূর্ণ করার ডাক দেন তিনি।
সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে মুবারকবিরোধী আন্দোলন ছড়িয়ে দেওয়া ‘এপ্রিল ৬’ আন্দোলনের উদ্যোক্তা আহমেদ মাহের বলেন, তাদের এ আন্দোলন ব্রাদারহুডবিরোধী। মুবারকবিরোধী বিপ্লবের উদ্দেশ্য অধরা থেকে গেছে।
দিবসটিকে কেন্দ্র করে মিশরের ইসলামপন্থিদের সঙ্গে বিরোধী উদারপন্থিদের বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
