ড্রোন হামলায় মৃত্যুর তদন্ত করবে জাতিসংঘ
বেসামিরক নাগরিকের ওপর ড্রোন হামলার পরিণতি তদন্তের ঘোষণা দিয়ে জাতিসংঘ বলেছে, এ ধরনের হামলায় কোনো ভুলের জন্য ‘জবাবদিহিতা’ এবং ‘খেসারত’ দেয়ার ব্যবস্থা থাকা প্রয়োজন।
বেসামিরক মানুষের ওপর চালকবিহীন বিমান (ড্রোন) হামলার প্রভাব-পরিণতি ও অন্যান্য পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
এর আওতায় ড্রোন হামলায় কতসংখ্যক মানুষ হতাহত হচ্ছে তা খতিয়ে দেখা হবে। তাছাড়া, যে সমস্ত জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে তাদের পরিচয় এবং এ ধরনের হামলার বৈধতাও যাচাই করে দেখা হবে এ তদন্তে।
পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, ফিলিস্তিন ও সোমালিয়া- এ ৫ টি স্থানে সাধারণ মানুষের ওপর ২৫টি চালকবিহীন বিমান (ড্রোন) হামলার প্রভাব খতিয়ে দেখবে জাতিসংঘ।
তদন্তদলের নেতৃত্বে থাকা ব্রিটিশ আইনজীবী বেন এমারসন সাংবাদিকদের বলেছেন, ড্রোন হামলার ক্ষেত্রে বড় ধরনের ভুলের জন্য “জবাবদিহিতা’ এবং ‘ক্ষতিপূরণ’ দেয়ার বিধান থাকা প্রয়োজন।
ড্রোন হামলা ‘মাত্রাতিরিক্তরকম’ বেড়ে যাওয়ায় একটি সঠিক আইনগত কাঠামো তৈরি করে এর রাশ টেনে ধরা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
