নেতাজীর স্মৃতিসৌধ গড়তে চেয়ে বিপাকে মমতা
নেতাজী সুভাষ চন্দ্র বোসের জন্মভিটায় স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়ে আবারো তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নেতাজীর জন্মবার্ষিকীতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোসের স্মৃতি রক্ষায় কলকাতার কোদালিয়ায় একটি সৌধ নির্মাণ করতে চায় তার সরকার।
তিনি বলেন, “কলকাতায় নেতাজী ভবন ছাড়া তাকে নিয়ে আর কিছু নেই। তাই সোমবার ওই জায়গা দেখলাম এবং নেতাজীর সম্মানে সেখানে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নিলাম।”
তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে বোস পরিবার ও নেতাজীর গড়া দল ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে মমতার প্রস্তাবের প্রতিবাদ জানানো হয়।
তাদের ভাষায়, `সস্তা জনপ্রিয়তা পাওয়ার কৌশল’ হিসাবে মুখ্যমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।
ফরোয়ার্ড ব্লকের নেতাদের ভাষায়, সুভাষ চন্দ্র বোসের মৃত্যু নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। ১৯৪৫ সালে তাইপে বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর একটি ‘গুজব’ আছে কেবল। তার জন্য স্মৃতিসৌধ হলে ওই গুজবেই জোর দেয়া হবে বলে মনে করছেন তারা।
“আমরা বরং মমতার কাছে আশা করি, তিনি তার অবস্থানকে কাজে লাগিয়ে নেতাজী সম্পর্কিত সব নথি প্রকাশের জন্য ভারত সরকারের ওপর চাপ প্রয়োগ করুন। তাতে অনেক কিছু খোলসা হবে এবং নেতাজীর রহস্যজনক অন্তর্ধানসহ অনেক বিষয় স্পষ্ট হবে”, বলেন সুভাষ বোসের নাতি চন্দ্র কুমার বোস।
ফরোয়ার্ড ব্লকের জ্যেষ্ঠ নেতা অশোক কুমার ঘোষও মমতার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, “ষাটের দশকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান রায় যখন নেতাজীর স্মৃতিসৌধ নির্মাণের চেষ্টা করেছিলেন তখনো আমরা তার বিরোধিতা করেছিলাম। আমরা আবার তা করব। নেতাজীর সম্মানে কোনো সৌধ নির্মাণের আগে তার কী হয়েছিল তা আমাদের জানা দরকার।
“আমরা এ সস্তা জনপ্রিয়তার কৌশল পছন্দ করি না।”
বিধান রায়ের পর ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও নেতাজীকে নিয়ে মন্তব্য করে তোপের মুথে পড়েছিলেন।
‘নেতাজীর মৃত্যু হয়ে থাকতে পার- ১৯৯৬ সালে প্রণবের এমন মন্তব্য নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক হৈ চৈ হয়।
নেতাজী এতোদিন পরেও বেঁচে আছেন-এমন বিশ্বাস থেকে নয়, বরং তার শেষ দিনগুলো নিয়ে অনুসন্ধানের ক্ষেত্রে ভারত সরকার কখনো স্বচ্ছতার পরিচয় না দেয়ায় তা নিয়ে ব্যাপকভাবে মানুষের মধ্যে ক্ষোভ থেকে ওই সমালোচনা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের সহায়তায় নেতাজী সোভিয়েত ইউনিয়নে পাড়ি জমিয়েছিলেন বলে পুরবী রায় ও অনুজ ধরদের মতো কয়েকজন লেখক দাবি করার পর বিমান দুর্ঘটনায় সুভাষ বোসের মৃত্যুর কথা খুব কম মানুষের কাছেই বিশ্বযোগ্যতা পায়।
অনুজ ধরের লেখা ‘ইন্ডিয়াজ বিগেস্ট কভার-আপ’ এ নেতাজীর অন্তর্ধানের আগের দিনগুলোর তথ্য আড়াল করার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা সুভাষ চন্দ্র বোসের জন্ম হয় ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি। তখনকার জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বাদানকারী দল কংগ্রেসের সভাপতিও ছিলেন তিনি। তারপর এক সময় হতাশ হয়ে কংগ্রেস ছাড়েন। গড়ে তোলেন নতুন দল ফরোয়ার্ড ব্লক।
ব্রিটিশদের সঙ্গে লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনী গড়ে তোলার উদ্দেশ্যে এক পর্যায়ে ভারত থেকে জার্মানি পালিয়ে যান সুভাষ বসু। সেখান থেকে পরে যান জাপানে।
