পরমাণু পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া
তৃতীয় দফায় পরমাণু পরীক্ষা চালানোসহ দূর-পাল্লার আরো রকেট পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
গত ডিসেম্বরে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের প্রতিক্রিয়ায় বুধবার দেশটি এর সামরিক ও পারমাণবিক শক্তি আরো বাড়ানোর হুঁশিয়ারি দেয়ার পর নতুন করে এ হুমকি দিল।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায়(কেসিএনএ)প্রকাশিত বিবৃতিতে দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, “উচ্চক্ষমতাসম্পন্ন পরমাণু অস্ত্র পরীক্ষা চালানো হবে।চলবে দূর পাল্লার আরো রকেট পরীক্ষাও।ঘোর শত্রু যুক্তরাষ্ট্রই এর লক্ষ্য।” তবে কখন এ পরীক্ষা চালানো হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি খবরে।
উত্তর কোরিয়া এর আগে ২০০৬ এবং ২০০৯ সালে দুটো পরমাণু পরীক্ষা চালায়।এর পরপরই দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ।
গত বছর ডিসেম্বরে উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণ করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলো ওই রকেট পরীক্ষাকে নিষিদ্ধঘোষিত দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা হিসাবেই দেখছে।
জাতিসংঘ এর নিন্দা জানানোর দু’দিন পর আরো রকেট পরীক্ষা চালিয়ে যাওয়া এবং তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর এ ঘোষণা দিল উত্তর কোরিয়া।
কেসিএনএ’র বিবৃতিতে উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন বলেছে, “যে সমস্ত স্যাটেলাইট, দূর-পাল্লার রকেট এবং উচ্চক্ষমতাসম্পন্ন পরমাণু পরীক্ষা আমরা চালাব তার লক্ষ্য যুক্তরাষ্ট্র।এ ব্যাপারে আমাদের কোনো রাখঢাক নেই।”
এতে আরো বলা হয়, “শক্তি দিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে হিসাব-নিকাশ চুকাতে হবে, কথা দিয়ে নয়।”
উত্তর কোরিয়া তৃতীয় দফায় পরমাণু পরীক্ষা চালাতে প্রস্তুত বলে আগে থেকেই ধারণা করে আসছেন দক্ষিণ কোরিয়া ও অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
এখন সে সিদ্ধান্তই কেবল বাস্তবায়ন হওয়ার অপেক্ষায়।আর তা নির্ভর করছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ওপর।ডিসেম্বরে উন জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে রকেট উৎক্ষেপণের পদক্ষেপ নিয়েছিলেন।
