২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে রাশিয়ার হুঁশিয়ারি

ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিরুদ্ধে ইসরায়েলের পাশাপাশি পশ্চিমা বিশ্বকেও বুধবার সতর্ক করে দিয়েছে রাশিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jan 2013, 03:44 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

একইসঙ্গে ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনা জাতিসংঘ পরিদর্শকদেরকে দেখতে দেয়ার ব্যাপারে তেহরানকে আরো জলদি সহযোগিতা করার জন্যও তাগাদা দিয়েছে মস্কো।

বার্ষিক এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের কারণে ইরানে হামলা করা কিংবা দেশটিকে একঘরে করার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

তিনি বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোয় হামলার প্রস্তুতি নেয়া কিংবা হামলা চালানো মারাত্মক বিপজ্জনক।এ ধরনের কোনো কিছু না ঘটুক তেমনটিই আমরা আশা করি।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি থামাতে সেখানে আগবাড়িয়ে সামরিক ব্যবস্থা নেয়ার ব্যাপারে বরাবরই অটল মনোভাব দেখিয়ে আসছেন।

বুধবার ইসরায়েলের সাধারণ নির্বাচনে দলের বিজয় স্পষ্ট হয়ে ওঠার পরপরই এক ভাষণে তিনি বলেছেন, নতুন সরকারের প্রধান লক্ষ্যই হবে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখা।

তার এ বক্তব্যের পরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ওই হুঁশিয়ারি এল।

তবে ইসরায়েলের নির্বাচনে খুব কম ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নেতানিয়াহু।প্রত্যাশার চেয়ে কম ভোটে তার এ জয় পরবর্তীতে তার পররাষ্ট্রনীতির জন্য বিপত্তিকর হয়ে দাঁড়াতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের।

আর তাই নেতানিয়াহু প্রয়োজনবোধে ইরানে একতরফাভাবে হামলা চালানোর ইঙ্গিত দিলেও বিশ্লেষকরা বলছেন, মঙ্গলবারের নির্বাচনে যে ফল দেখা যাচ্ছে তাতে করে নেতানিয়াহু ইরানে একতরফা হামলার ম্যান্ডেট পাবেন না।

ভোটে জনগণের এ রায়েই স্পষ্ট যে, ইসরায়েলিরা নেতানিয়াহুকে ইরানের ব্যাপারে মধ্যপন্থী হতে বলছে। নেতানিয়াহুর তা বোঝা উচিত বলে মন্তব্য করেছেন হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর।


‘ইরান ইসরায়েলের জন্য হুমকি’—ইসরায়েলিরা নেতানিয়াহুর সঙ্গে এ ব্যাপারে একমত হলেও এবারের নির্বাচনে জনরায়ে তার প্রতিপক্ষ সেই দলগুলোকে ওপরে উঠে আসতে দেখা গেছে, যে দলগুলো ইরান সমস্যা সামাল দেয়া ইসরায়েল নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ বলেই মনে করে।