২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ জিম্মির মৃত্যুর মধ্যদিয়ে সঙ্কটের অবসান

অবশেষে ২৩ জিম্মির মৃত্যুর মধ্যদিয়ে আলজেরিয়ার সাহারা মরুভূমিতে জঙ্গিদের গ্যাসক্ষেত্র দখলের অবসান হয়েছে। সেনাবাহিনীর চূড়ান্ত অভিযানে অবশিষ্ট সব জঙ্গিও নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Jan 2013, 04:13 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শনিবার বেশকিছু জিম্মিসহ গ্যাসক্ষেত্রটির প্রক্রিয়াকরণ এলাকা দখল করে রাখা জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালায় আলজেরীয় সেনাদের বিশেষ বাহিনী।

এতে চারদিনে ধরে চলা বিশ্বের অন্যতম বড় জিম্মি সঙ্কটের রক্তাক্ত অবসান হয়।

শনিবার আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তিনদিনের অভিযানে ১শ’ ৭ জন বিদেশী ও ৬শ’ ৮৫ জন আলজেরীয় জিম্মিকে উদ্ধার করা হয়েছে।

তবে অভিযানে মোট কতজন নিহত হয়েছে সে বিষয়ে পরিষ্কার কিছু জানায়নি।

শনিবার সকালে গ্যাসক্ষেত্রটিতে অভিযানরত আলজেরিয়ার বিশেষ বাহিনী ১৫টি অগ্নিদগ্ধ লাশ খুঁজে পায় যাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আলজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, নিহত জিম্মিদের মধ্যে ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ৮ জন আলজেরীয় ও ৭ জন বিদেশী।

নিহত ৭ বিদেশীর মধ্যে দুইজন জাপানি, দুইজন ব্রিটিশ ও দুইজন ফরাসি । এর আগে জঙ্গিরা গ্যাসক্ষেত্রটির দখল নেওয়ার সময় যুক্তরাজ্যের অপর এক নাগরিককে হত্যা করেছিল।

ঘটনায় যুক্তরাষ্ট্রের এক নাগরিকও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ে মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড।
তিনদিনের সেনা অভিযানে মোট ৩২ জন জিম্মিকারী জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে তাদের নেতা আব্দুল রহমান আল নাইজেরিও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নাইজেরিয়ার নাগরিক আব্দুল রহমান আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি কমান্ডার মোখতার বেলমোখতারের ঘনিষ্ঠ সহযোগী। বেলমোখতারকে গ্যাসক্ষেত্র দখলের প্রধান পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে।

আলজেরিয়ার প্রতিবেশী দেশ মালিতে জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে বুধবার ভোরে এই গ্যাসক্ষেত্রটি দখল করে বিদেশীসহ প্রায় সাড়ে ৮শ’ মানুষকে জিম্মি করেছিল আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা।

এই জিম্মিদের প্রাণের বিনিময়ে মালি থেকে ফরাসি বাহিনী প্রত্যাহারের দাবী জানিয়েছিল তারা। কিন্তু জঙ্গিরা গ্যাসক্ষেত্রটি থেকে জিম্মিদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার উদ্যেগ নিলে সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আলজেরীয় সরকার।

বৃহস্পতিবার আলজেরিয়ার ইন আমেনাসের কাছে সাহার মরুভূমির এই গ্যাসেক্ষেত্রটিতে জিম্মি উদ্ধারে অভিযান শুরু করে আলজেরীয় সেনাদের একটি বিশেষ বাহিনী।

অভিযান শুরুর পরপরই কয়েকশত জিম্মিকে মুক্ত করে তারা, কিন্তু এসময় অনেকে নিহতও হন।

যুক্তরাজ্যের ব্রিটিশ পেট্রলিয়াম ও নরওয়ের স্ট্রাটোঅয়েল, আলজেরিয়ার রাষ্ট্রিয় তেল কোম্পানির সঙ্গে যৌথভাবে এই গ্যাসক্ষেত্রটি পরিচালনা করতো।